বনানীতে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৭ জন আটক, উদ্ধার ৭০টি মশাল

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬ | আপডেট: ১:৫৭ পূর্বাহ্ন, ২২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর বনানী এলাকায় নাশকতার উদ্দেশ্যে মশাল মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বনানী থানা পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে বনানীর আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আরও পড়ুন: পাইকপাড়াসহ আশপাশের এলাকায় ৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ডিএমপির তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা হলেন— মো. আরিফ (১৯), মো. শাকিল আহমেদ (১৯), আশিক আহমেদ মোস্তফা (১৯) এবং আইনের সংঘাতে জড়িত আরও চার শিশু।

বনানী থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সৈনিক ক্লাব থেকে আর্মি স্টেডিয়ামের দিকে যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ (আউটগোয়িং) মহাসড়কের পাশে প্রায় ১০০ থেকে ১২০ জনের একটি দল মশালসহ ঝটিকা মিছিলের উদ্দেশ্যে জড়ো হয়েছে।

আরও পড়ুন: রাজধানীর সড়কে ময়লা, ধানমন্ডি-মিরপুর রোড পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক

খবর পেয়ে বনানী থানা পুলিশের একটি দল তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ৭ জনকে আটক করে। এ সময় ঘটনাস্থল থেকে ৭০টি মশাল, একটি ব্যানার এবং ৭৭টি ফেসমাস্ক উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় অন্যান্য অজ্ঞাতনামা ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ডিএমপি জানিয়েছে, আটক ব্যক্তিদের পাশাপাশি ঝটিকা মিছিলের আয়োজকদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী।