রাজধানীর সড়কে ময়লা, ধানমন্ডি-মিরপুর রোড পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:৫৫ অপরাহ্ন, ২১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা দ্রুত অপসারণের নির্দেশের পর এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাব মোড় ও ধানমন্ডি-মিরপুর রোড এলাকা পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এ সময় পরিচ্ছন্নতা কার্যক্রমে দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট পরিচ্ছন্নতা পরিদর্শক (সিআই) ও দায়িত্বে থাকা পরিচ্ছন্নতাকর্মীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এসব এলাকা সরেজমিনে পরিদর্শন করেন ডিএসসিসি প্রশাসক। এর আগে সড়ক দিয়ে যাওয়ার সময় জমে থাকা ময়লা-আবর্জনা নজরে আসায় তাৎক্ষণিকভাবে সেগুলো অপসারণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর নির্দেশের পর ডিএসসিসি প্রশাসক বিষয়টি আমলে নিয়ে পরিদর্শনে যান।

আরও পড়ুন: ভোরের ভারী বৃষ্টিতে ঢাকার বিভিন্ন সড়কে জলাবদ্ধতা, মাঠে ডিএসসিসির টিম

পরিদর্শনকালে সড়কে পড়ে থাকা ময়লা-আবর্জনা দ্রুত পরিষ্কারের নির্দেশ দেন আবদুস সালাম। পরিচ্ছন্নতা কার্যক্রমে অবহেলার কারণে সংশ্লিষ্ট অঞ্চলের সিআই এবং দায়িত্বে থাকা পরিচ্ছন্নতাকর্মীদের তাৎক্ষণিক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সাংবাদিকদের ডিএসসিসি প্রশাসক বলেন, সিটি করপোরেশনের কর্মীরা প্রতিদিন সকাল ও বিকেলে পরিচ্ছন্নতার কাজ করেন। ভোরে বৃষ্টি এবং নিউমার্কেট এলাকায় অভিযান চলার কারণে এদিন পরিচ্ছন্নতা কার্যক্রমে কিছুটা বিলম্ব হয়েছে। তবে দায়িত্বে অবহেলার বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

আরও পড়ুন: মিরপুরে চলন্ত বাসে আগুন

ফুটপাত দখল প্রসঙ্গে তিনি বলেন, অনুমোদনহীনভাবে ফুটপাত দখল করে মালামাল রাখলে সংশ্লিষ্ট দোকানদারদের বিরুদ্ধে আইন অনুযায়ী জরিমানা করা হবে। বারবার উচ্ছেদের পরও যারা ফুটপাত দখল করছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ব্যবসাপ্রতিষ্ঠানের এসির পানি রাস্তায় পড়ার বিষয়েও সতর্ক করেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, কোনো অবস্থাতেই রাস্তায় পানি জমে থাকা গ্রহণযোগ্য নয়। দোকান মালিকদের নিজ নিজ প্রতিষ্ঠানের সামনের অংশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি। নির্দেশনা না মানলে ভবিষ্যতে জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান।

পরিদর্শনকালে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।