ফরওয়ার্ড ইন্টারন্যাশনালের বিরুদ্ধে অপপ্রচার, নেপথ্যে কারা?
ঢাকা সিটি করপোরেশনে মশক নিধন ওষুধ সরবরাহ দেওয়াকে কেন্দ্র করে একটি মশক নিধন ওষুধ প্রতিষ্ঠান অন্য আরেকটি মশক নিধন ওষুধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির মালিকপক্ষের দাবি, কিছুদিন আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে টেন্ডারে অংশগ্রহণ করে নিয়মতান্ত্রিকভাবে ওষুধ সরবরাহ দেওয়ার কার্যাদেশ পায় প্রতিষ্ঠানটি। কিন্তু অন্য একটি প্রতিষ্ঠান টেন্ডারে অংশগ্রহণ করে দক্ষিণ সিটি করপোরেশনে মশা নিধন ওষুধ সরবরাহ দেওয়ার সুযোগ না পেয়ে অবশেষে ফরওয়ার্ড ইন্টারন্যাশনাল বিডি লিমিটেডের বিরুদ্ধে প্রতিহিংসামূলক অপপ্রচার, মিথ্যাচার ও দুর্নাম রটনায় লিপ্ত হয়েছে।
প্রতিষ্ঠানটি দাবি করেন, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে মশক নিধনের ওষুধ সরবরাহের পাশাপাশি খোলাবাজারেও পণ্য বিক্রি করে আসছে। সম্প্রতি একটি ইলেকট্রনিক গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে তাদের সরবরাহ করা ওষুধের গুণগত মান নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। ওই প্রতিবেদনে উত্থাপিত অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে প্রতিষ্ঠানটির মালিকপক্ষ।
আরও পড়ুন: ধানমন্ডি ২৭ নম্বরে পরপর দুই ককটেল বিস্ফোরণ, আটক ৩
তাদের বক্তব্য, মশক নিধনের ওষুধের গুণগত মান যাচাইয়ের দায়িত্ব সংশ্লিষ্ট সরকারি পরীক্ষাগার ও বিশেষজ্ঞদের। নির্ধারিত পরীক্ষা-নিরীক্ষা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পরই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তাদের সরবরাহ করা ওষুধ গ্রহণ করেছে বলে দাবি করেন তারা।
প্রতিষ্ঠানটির মালিকপক্ষ আরও জানায়, সিটি করপোরেশনে মশক নিধনের ওষুধ কেনার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত ক্রয় কমিটি নির্ধারিত নীতিমালা অনুসরণ করে। ফলে কোনো একক ব্যক্তির সিদ্ধান্তে ওষুধ কেনার সুযোগ নেই।
আরও পড়ুন: চলন্ত বাস থেকে ভ্যানিটি ব্যাগ ছিনতাই, ভিডিও ফুটেজে শনাক্ত ছিনতাইকারী গ্রেপ্তার
ফরওয়ার্ড ইন্টারন্যাশনালের দাবি, তাদের সরবরাহ করা ওষুধের মান নিয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ বা মান নির্ধারণ কমিটির পক্ষ থেকে কোনো অভিযোগ উত্থাপন করা হয়নি। বরং প্রতিযোগী প্রতিষ্ঠানের কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তি নিজেদের ব্যবসায়িক স্বার্থে ওষুধের মান নিয়ে প্রশ্ন তুলেছেন বলে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি।
একজন কর্মকর্তা বলেন, সিটি করপোরেশনে মশার ওষুধ সরবরাহের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানের সংখ্যা খুব বেশি নয়। টেন্ডারে ওষুধ সরবরাহের সুযোগ যারা পায় আর যারা পায় না, এ দুইয়ের মধ্যে প্রতিহিংসা এবং রেষারেষি থাকতে পারে। একটি প্রতিষ্ঠান ওষুধ সরবরাহের কাজ পেলে অন্য একটি প্রতিষ্ঠান হিংসায় বদনাম ছড়াতে পারে। ফরওয়ার্ডের বেলায় হয়তো এমনই হয়েছে। আরেকজন কর্মকর্তা বলেন, মশার ওষুধ ক্রয়ের ক্ষেত্রে সম্পূর্ণ নিয়মকানুন ও নীতিমালা মেনেই ওষুধ ক্রয় করা হয়। কোন প্রতিষ্ঠান এ ব্যাপারে কী অপপ্রচার করেছে, তা আমাদের দেখার বিষয় নয়। জানা যায়, মশা নিধন ওষুধ প্রতিষ্ঠান ফরওয়ার্ড ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড এবং আরও দু-একটি প্রতিষ্ঠান ঢাকা সিটি করপোরেশনে মশার ওষুধ সরবরাহ দিয়ে থাকে। ফরওয়ার্ড ইন্টারন্যাশনাল বিডি লিমিটেড বিশ্বের আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান থেকে সর্বদাই কাঁচামাল এনে তারপর উন্নত প্রযুক্তিতে মশা নিধন ওষুধ তৈরি করে থাকে।





