বাংলামোটরে ব্যবসায়ীকে মারধর, যুবদল নেতা সাইমনসহ আটক ৪

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:২২ পূর্বাহ্ন, ০২ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:২২ পূর্বাহ্ন, ০২ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর বাংলামোটরে বিরোধের জেরে এক ওষুধ ব্যবসায়ীকে মাথায় আঘাত করে রক্তাক্ত করা এবং পরে ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে হাতিরঝিল থানা যুবদলের সাবেক আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা ফেরদৌস আহমেদ সায়মনের বিরুদ্ধে। এ ঘটনায় সায়মনসহ চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটের দিকে হাতিরঝিল থানাধীন বাংলামোটর মোড়ের উত্তর পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম সোহান। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

আরও পড়ুন: মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ বিষয়ে প্রবাসী ব্যবসায়ী শেখ নূর ইসলাম পরিবারের বক্তব্য

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, সন্ধ্যার দিকে সায়মন কয়েকজন সহযোগীকে নিয়ে সোহানের পথরোধ করেন। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সায়মন পিস্তলের বাঁট দিয়ে সোহানের মাথায় আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে তার মাথা ফেটে যায়। পরে সেখানে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় বলেও অভিযোগ রয়েছে।

ঘটনার পর স্থানীয় লোকজন সায়মন ও তার সহযোগীদের একটি ভবনের ভেতরে অবরুদ্ধ করে রাখেন। সেখানে শতাধিক মানুষ জড়ো হয়ে ঘটনার প্রতিবাদ জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অতিরিক্ত পুলিশ ও সোয়াট সদস্যদের সহায়তায় সায়মনসহ চারজনকে সেখান থেকে বের করে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে সায়মনের এক ভাইও রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। 

আরও পড়ুন: রাজধানীর উত্তরায় ভাগ্নির বাড়ি দখল ও প্রাণনাশের হুমকি মামার

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সায়মন দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, মারামারি ও মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এসব অভিযোগের কারণে তাকে হাতিরঝিল থানা যুবদলের আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে যুবদলের এক কেন্দ্রীয় নেতাও জানিয়েছেন। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ।

এদিকে ঘটনার পর বাংলামোটর থেকে মগবাজারগামী সড়কের পাশে একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। স্থানীয়দের ভাষ্য, মোটরসাইকেলটি প্রথমে ভাঙচুর করা হয়, পরে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইবনে মিজান জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে। স্থানীয় লোকজন সায়মনদের ওপর ক্ষুব্ধ ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। চারজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নেওয়া হয়েছে। তারা প্রাথমিকভাবে পুলিশের হেফাজতে রয়েছেন; মামলা হলে সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে।