শচীনের ২২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা

Shahrier Islam Pallab
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ন, ০৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:৫৫ পূর্বাহ্ন, ০৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দীর্ঘ ২২ বছর ধরে অক্ষত থাকা শচীন টেন্ডুলকারের রেকর্ড অবশেষে নিজের করে নিলেন রোহিত শর্মা। ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে স্বদেশি কিংবদন্তিকে পেছনে ফেলে ওয়ানডেতে ওপেনার হিসেবে দ্রুততম ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করে নতুন ইতিহাস গড়লেন ভারতের এই তারকা ব্যাটার।

রোহিত এই রেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে। মাইলফলকে পা রাখতে তার প্রয়োজন ছিল মাত্র ২ রান। ক্রিজে নেমে নিজের মোকাবেলা করা চতুর্থ বলে জায়ডেন সিলসের বিপক্ষে ২ রান নিয়ে খুলেন রানের খাতা, সেই সঙ্গে পূর্ণ করেন ওপেনার হিসেবে ১০ হাজার রান। এ জন্য রোহিতকে খেলতে হয়েছে ২০২ ইনিংস।

আরও পড়ুন: ১০ লাখ ডলারের প্রস্তাব ফিরিয়ে নিউজিল্যান্ডকেই বেছে নিলেন স্যান্টনার

আর শচীনের লেগেছিল ২১৪ ইনিংস, যে কীর্তি তিনি গড়েছিলেন ২০০৪ সালে।

ওয়ানডেতে ওপেনার হিসেবে ১০ হাজার রান করা মাত্র চতুর্থ ব্যাটার রোহিত। তার আগে শচীন ছাড়াও এই কীর্তি ছিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও শ্রীলঙ্কার সনাৎ জয়সুরিয়ার। গেইলের লেগেছিল ২৬৮ ইনিংস, আর জয়সুরিয়ার ৩০৩ ইনিংস।

আরও পড়ুন: চট্টগ্রামের বদলে বিসিবির ভরসা এখন সিলেট

গেল ম্যাচেও নতুন এক রেকর্ড গড়েন রোহিত। ওয়ানডেতে ১২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ৩৯ বছর বয়সী এই ব্যাটার। তৃতীয় ওয়ানডেতে ৮৫ বলে ৯২ রানের ইনিংস খেলেন, অল্পের জন্য পাননি সেঞ্চুরির দেখা।