দুর্ধর্ষ ধাক্কামারা চক্রের দুই নারী সদস্য গ্রেফতার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২৭ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫ | আপডেট: ১:২৭ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা দুর্ধর্ষ ধাক্কামারা চক্রের সক্রিয় দুই নারী সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- জুথী আক্তার শ্রাবন্তী ওরফে যুথি আক্তার জ্যোতি ওরফে লিমা আক্তার (২২) এবং শাহনাজ বেগম (৪২)।

শুক্রবার (৮ আগস্ট ২০২৫) বিকাল আনুমানিক ৫.০০ ঘটিকায় তেজগাঁও থানাধীন বসুন্ধরা সিটি শপিং মলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা বসুন্ধরা সিটি শপিং মলের ৭ম তলার লিফটের সামনে কৌশলে এক নারীকে ধাক্কা মেরে তার ভ্যানিটি ব্যাগ থেকে নগদ ৪০ হাজার টাকা চুরি করে।

আরও পড়ুন: শ্যামলীতে সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: মূলহোতা মঈনসহ ৭ জন গ্রেপ্তার

এ সময় সন্দেহ হলে তিনি তার ব্যাগ পরীক্ষা করে টাকা খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হন। এরপর তিনি ও তার স্বামী ডাক চিৎকার করলে শপিং মলের নিরাপত্তা প্রহরীরা এগিয়ে আসেন। নিরাপত্তা প্রহরীদের সহায়তায় দুই নারী আসামিকে আটক করা হয়, তবে তাদের সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও দুজন কৌশলে পালিয়ে যায়।

ঘটনাস্থলে উপস্থিত আরও দুজন নারী ভুক্তভোগী জানান যে, তাদের কাছ থেকেও যথাক্রমে এক লাখ টাকা ও ৪.৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের টিকলি (মূল্য আনুমানিক ৬৪ হাজার ৫০০ টাকা) এবং দশ হাজার টাকা চুরি হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা চুরির কথা স্বীকার করেছে।

আরও পড়ুন: চাঁদা না পেয়ে ঠিকাদারকে মারধরে কেটে ফেলতে হয়েছে একটি পা, বিচার দাবি

তেজগাঁও থানা পুলিশ ও নারী পুলিশের সহায়তায় আসামি যুথি আক্তারের ভ্যানিটি ব্যাগ থেকে চুরি যাওয়া নগদ এক লক্ষ  ৫০ হাজার টাকা এবং স্বর্ণের টিকলি উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা যায়, ধৃত যুথি আক্তার একটি আন্তঃজেলা পকেটমার চক্রের নেতা। তার নেতৃত্বে ঢাকাসহ সারা বাংলাদেশে একটি সংঘবদ্ধ চক্র বিভিন্ন শপিং মল, রাস্তা ও গণপরিবহনে চুরির ঘটনা ঘটিয়ে আসছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৪টি মামলা রুজু আছে মর্মে জানা যায়। 

এ ঘটনায় ডিএমপির তেজগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।