প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ১
প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানির নাম ও পরিচয় ব্যবহার করে দুটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলার অভিযোগে মো. কাকন রানা (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
রোববার (২৩ আগস্ট) রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: খুলনায় পাঁচ ঘণ্টার ব্যবধানে দুই গোলাগুলি, নিহত ১ ও বিএনপি নেতা গুলিবিদ্ধ
ডিএমপি সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানির নাম ও পরিচয় ব্যবহার করে দুটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলার অভিযোগে বনানী থানায় একটি মামলা করা হয়। মামলা হওয়ার পরপরই এর তদন্তভার নেয় সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।
তদন্তের অংশ হিসেবে বিভিন্ন তথ্য সংগ্রহ ও প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। পরে রোববার বিকেল সাড়ে ৩টার দিকে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি বিশেষ দল খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে মো. কাকন রানাকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ তদন্ত সংস্থার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ১
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে প্রতারণামূলক কর্মকাণ্ডে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও পাঁচটি সিম কার্ড উদ্ধার করা হয়। এ ছাড়া তার ব্যবহৃত মোবাইল ডিভাইসে ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সানির নামে তৈরি দুটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট লগইন অবস্থায় পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।
উদ্ধার করা মোবাইল ডিভাইস ও অন্যান্য ডিজিটাল আলামত আইনানুগ প্রক্রিয়ায় সংরক্ষণ ও পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।





