ওসমানী হাসপাতালের ব্যবস্থাপনা দেখে “আই এম রিয়েলি হ্যাপি”— স্বাস্থ্যমন্ত্রী
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালটির চিকিৎসাসেবা ও সামগ্রিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, এমপি। পরিদর্শনকালে রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে বড় ধরনের কোনো অভিযোগ পাননি জানিয়ে তিনি বলেন, “হাসপাতালের সার্বিক সেবায় ‘আই এম রিয়েলি হ্যাপি’।”
শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে দেখা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি।
আরও পড়ুন: পটুয়াখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
হাসপাতালের সেবা ও পরিবেশের চিত্র তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, রোগীদের সাথে আলাপকালে তারা জানিয়েছেন—‘স্যার, আপনি আসার পর থেকে ডাক্তার ও নার্স অনেক ভালো ব্যবহার করছেন, খাবারের মানও আগের চেয়ে অনেক উন্নত হয়েছে।’ পরিচ্ছন্নতার বিষয়ে হাস্যরসাত্মক ভঙ্গিতে তিনি বলেন, “হাসপাতালে কোনো ছাঁরপোকা নেই, ওয়ার্ডে একটা মাত্র ছাঁড়পোকা পেয়েছি—সেটিও দ্রুত পরিষ্কার করার নির্দেশ দিয়েছি।”
চিকিৎসকদের সময়মতো উপস্থিতির বিষয়টি নিশ্চিত করে স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী সাত কর্মদিবসের মধ্যে হাসপাতালের ডাক্তারদের সময়ানুবর্তিতা পুরোপুরি সুনিশ্চিত করা হবে। সিলেট অঞ্চলের স্বাস্থ্য অবকাঠামো প্রসঙ্গে তিনি আশ্বাস দেন যে, নির্মাণাধীন ও অনুমোদিত সরকারি হাসপাতালগুলোর কাজ দ্রুত শেষ করে অচিরেই চালুর কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। দায়িত্ব গ্রহণের পর থেকে ইতোমধ্যে দেশের ২৫টিরও বেশি হাসপাতাল পরিদর্শন করার কথা জানিয়ে তিনি দাবি করেন, সব জায়গায় চিকিৎসকদের শতভাগ উপস্থিতি ও সেবার মানে অগ্রগতি দেখা গেছে।
আরও পড়ুন: পটুয়াখালীতে সফট বাইট ম্যানেজারের মরদেহ উদ্ধার: নেপথ্যে কি কেবলই অর্থ আত্মসাৎ?
এর আগে সকালে ওসমানী হাসপাতালের কর্মকর্তা, চিকিৎসক ও নার্সদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন স্বাস্থ্যমন্ত্রী। এতে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জিয়াউর রহমান চৌধুরী ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল উমর রাশেদ মুনিরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





