উত্তর-পূর্বাঞ্চলের মসলা বাংলাদেশে রপ্তানি করতে চান ভারতীয় ব্যবসায়ীরা
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মসলা বাংলাদেশে রপ্তানিতে আগ্রহী সে দেশের ব্যবসায়ীরা। গতকাল ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সঙ্গে ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের (আইসিসি) বৈঠকে এ আগ্রহের কথা জানানো হয়েছে।
এফবিসিসিআই কার্যালয়ে বাংলাদেশে সফররত আইসিসির ৪৩ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। আইসিসির প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সংগঠনটির মহাপরিচালক রাজীভ সিং।
আরও পড়ুন: রিভোর ২০ হাজার টাকা ছাড়, অফার শেষ ২৫ জুন
মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, দীর্ঘ মেয়াদে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই মুহূর্তে বাংলাদেশের জন্য একটি লাভজনক, টেকসই এবং পরিবেশবান্ধব কৃষিব্যবস্থা প্রয়োজন। এ ক্ষেত্রে কোল্ড চেইন অবকাঠামো উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, যা এ খাতের সামগ্রিক উৎপাদনশীলতা বাড়াতে সহায়তা করবে। বাংলাদেশের কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন এ ব্যাপারে ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী।
রাজীভ সিং বলেন, বাংলাদেশের জ্বালানির চাহিদা মেটাতে ভুটান ও নেপালে উৎপন্ন বিদ্যুৎ পরিবহনের ক্ষেত্রে সঞ্চালন লাইন সরবরাহে কাজ করতে পারেন ভারতের ব্যবসায়ীরা। এ ছাড়া ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে পর্যাপ্ত পরিমাণে মসলা ও শাকসবজি উৎপন্ন হয়, যা বাংলাদেশে রপ্তানি করা যেতে পারে।
আরও পড়ুন: আবারও বাড়ল সোনার দাম
এফবিসিসিআইর পরিচালক প্রীতি চক্রবর্তী তাঁর বক্তব্যে ভারতের স্বাস্থ্য খাতের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান।





