২৪ দিনে রেমিট্যান্স এলো ২৭ হাজার ২৫৫ কোটি টাকা
চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রথম ২৪ দিনেই রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ২ দশমিক ২৩ বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ২৭ হাজার ২৫৫ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ১ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২২৩ কোটি ৪০ লাখ ডলার। এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্সের পরিমাণ ৩ বিলিয়ন ডলার ছাড়াতে পারে।
আরও পড়ুন: আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম
গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৯০ কোটি ৯০ লাখ ডলার। সে তুলনায় এ বছর রেমিট্যান্স বেড়েছে ৩২ কোটি ৫০ লাখ ডলার।
অর্থবছরের হিসাবেও রেমিট্যান্সের প্রবৃদ্ধি স্পষ্ট। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) ২১ দিন পর্যন্ত রেমিট্যান্স এসেছে ৬৯৩ কোটি ডলার। যা আগের অর্থবছরের একই সময়ের (৫৭৭ কোটি ডলার) তুলনায় ২০ দশমিক ১ শতাংশ বেশি।
আরও পড়ুন: বাজেট ইতিবাচক; ধীরে হলেও চলতি অর্থবছরে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: এডিবি’র পূর্বাভাস
এ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছে ২৪৭ কোটি ৭৯ লাখ ডলার (প্রায় ৩০ হাজার ২৩৯ কোটি টাকা) এবং আগস্টে এসেছে ২৪২ কোটি ২০ লাখ ডলার (প্রায় ২৯ হাজার ৫৪৮ কোটি টাকা)।
এর আগে ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল, যা ছিল বছরের রেকর্ড। পুরো ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয় এসেছিল ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি।





