খেজুর আমদানিতে শুল্ক কমাল সরকার

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ন, ২৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:০৪ অপরাহ্ন, ২৪ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন পবিত্র রমজান মাসে খেজুরের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে আমদানিতে শুল্ক ৪০ শতাংশ কমিয়েছে সরকার। বুধবার (২৪ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, জনগণের ধর্মীয় অনুভূতি ও আবেগের প্রতি শ্রদ্ধা জানিয়ে রমজান মাস উপলক্ষে খেজুরের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারমূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: বাজেট ইতিবাচক; ধীরে হলেও চলতি অর্থবছরে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: এডিবি’র পূর্বাভাস

প্রজ্ঞাপনে জানানো হয়, খেজুর আমদানিতে বিদ্যমান কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে ২৩ ডিসেম্বর একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

এছাড়া চলতি অর্থবছরের বাজেটে আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর সংক্রান্ত বিধিমালা সংশোধন করে খেজুরসহ সব ধরনের ফল আমদানিতে অগ্রিম আয়কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে খেজুর ও অন্যান্য ফল আমদানিতে অগ্রিম আয়করে যে ৫০ শতাংশ ছাড় গত বছর দেওয়া হয়েছিল, তা চলতি বছরেও বহাল রাখা হয়েছে।

আরও পড়ুন: বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, তবে বাড়তি চাপ সীমিত

এনবিআর মনে করছে, আমদানি শুল্ক ও অগ্রিম আয়করে উল্লেখযোগ্য ছাড় দেওয়ার ফলে রমজান মাসে খেজুরের সরবরাহ বাড়বে এবং বাজারদর সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে। এতে ভোক্তারা স্বস্তি পাবেন এবং বাজারে কৃত্রিম সংকট তৈরির সুযোগ কমে আসবে।