বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাযা সম্পন্ন

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ন, ১৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ৫:২৫ পূর্বাহ্ন, ০৩ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের জানাযা আজ শুক্রবার ১৭ এপ্রিল জুমার নামাজের পরে ইস্কাটনের সচিব নিবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

জানাযায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সর্বসাধারণ ও পরিবারের সদস্যগণ অংশ নেন। জানাযা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

আরও পড়ুন: এলপি গ্যাসের দাম কমল ৫৫ টাকা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য সচিবের সঙ্গে স্বল্প সময়ের কাজের স্মৃতিচারণ করে বলেন, “দুই মাসের মতো হলো বাণিজ্য সচিবের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। দাপ্তরিক কাজে তিনি দক্ষ ও সৎ কর্মকর্তা ছিলেন। তাঁর কাজের মধ্যে আমি নিষ্ঠা ও দেশপ্রেম দেখেছি।”

তিনি আরও বলেন, “পৃথিবীতে আমাদের অবস্থান অল্প সময়ের। কে কখন কার জানাযা পড়বে কেউ জানে না। পরকালের জন্য যেন কিছু সঞ্চয় নিয়ে যেতে পারি, আমাদের সে কাজে মনোযোগী হওয়া উচিত।”

আরও পড়ুন: দেশের বাজারে আবারও কমলো সোনার দাম

প্রসঙ্গত, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান আজ শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬.২৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বেশ কয়েক দিন শারীরিক অসুস্থতা বোধ করলে গত ১৩ এপ্রিল মাহবুবুর রহমানকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তার শরীরে রক্তের প্লাটিলেট আশঙ্কাজনক হারে কমে গিয়েছিল। হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন পরীক্ষায় তার শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, গাজীপুর জেলার গাছা এলাকায় তাঁকে দাফন করা হবে।