আবারও বাড়ল সোনার দাম
দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ৫ হাজার ৪৮২ টাকা বাড়িয়ে ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনা বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: এডিবির ১০০ কোটি ডলার ঋণে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল
সোনার নতুন দাম (প্রতি ভরি)
- ২২ ক্যারেট: ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা
- ২১ ক্যারেট: ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা
- ১৮ ক্যারেট: ১ লাখ ৮৮ হাজার ৫৪৯ টাকা
- সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা
এর আগে গত ১৩ জুন সোনার দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। তখন ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়।
আরও পড়ুন: ইসলামী ব্যাংককে ২ হাজার ৫০০ কোটি টাকার সহায়তা দিল বাংলাদেশ ব্যাংক
রুপার দামও বেড়েছে
সোনার পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেট রুপার দাম ভরিতে ২৩৩ টাকা বৃদ্ধি পেয়ে ৫ হাজার ৩৬৫ টাকায় দাঁড়িয়েছে।
রুপার নতুন দাম (প্রতি ভরি)
- ২২ ক্যারেট: ৫ হাজার ৩৬৫ টাকা
- ২১ ক্যারেট: ৫ হাজার ১৩২ টাকা
- ১৮ ক্যারেট: ৪ হাজার ৪৩২ টাকা
- সনাতন পদ্ধতি: ৩ হাজার ৩২৪ টাকা
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত সোনার দাম ৭৫ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বেড়েছে এবং ৩৬ বার কমেছে।
অন্যদিকে, রুপার দাম এ বছর ৪৬ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ বার বৃদ্ধি এবং ২২ বার হ্রাস করা হয়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের পরিবর্তন এবং স্থানীয় বাজারে পিওর গোল্ডের মূল্য ওঠানামার প্রভাবেই দেশের স্বর্ণ ও রুপার বাজারে ঘন ঘন মূল্য সমন্বয় করা হচ্ছে।





