ভরিতে কমল ৪ হাজার ৩৭৪ টাকা, স্বর্ণের নতুন দাম ঘোষণা বাজুসের
দেশের বাজারে স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ নির্ধারিত মূল্যের তুলনায় প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নতুন দর ঘোষণা করা হয়েছে। টানা কয়েক দফা মূল্যবৃদ্ধি ও ভ্যাট সমন্বয়ের পর এই হ্রাসের সিদ্ধান্ত এলো।
শুক্রবার (১৯ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। নতুন এ মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
আরও পড়ুন: সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ, প্রকাশিত এসএনবি রিপোর্ট
সংগঠনটির মতে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা বিশুদ্ধ স্বর্ণের দাম কমে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এনে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণের দাম ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।
আরও পড়ুন: ভ্যাটসহ স্বর্ণালংকারের নতুন দাম ঘোষণা, ভরিতে কমেছে ৯ হাজার টাকা
এর আগে গত ১৮ জুন ভ্যাট সংযোজনের মাধ্যমে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে ২১ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৭৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বৃদ্ধি, ৩৭ বার হ্রাস এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছিল, যার মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমানো হয়েছিল।





