রেমিট্যান্সে নতুন ইতিহাস, দেশে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৬ | আপডেট: ১২:৪৫ পূর্বাহ্ন, ০৬ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রবাসী আয়ে নতুন মাইলফলক স্পর্শ করেছে বাংলাদেশ। সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বৈধ ব্যাংকিং চ্যানেলে দেশে এসেছে ৩৫ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার (৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ ডলার) রেমিট্যান্স। দেশের ইতিহাসে একক অর্থবছরে এটিই সর্বোচ্চ প্রবাস আয়ের নতুন রেকর্ড।

বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ হালনাগাদ তথ্যে এ তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় সদ্য সমাপ্ত অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।

আরও পড়ুন: সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য বড় সুখবর

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত দেশে মোট ৩৫ হাজার ৫৬২ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এর আগের ২০২৪-২৫ অর্থবছরে এই পরিমাণ ছিল ৩০ হাজার ৩২৯ মিলিয়ন মার্কিন ডলার। ফলে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৫ হাজার ২৩৩ মিলিয়ন মার্কিন ডলার।

এদিকে, সদ্য সমাপ্ত জুন মাসে দেশে এসেছে ২ হাজার ৮০৬ মিলিয়ন মার্কিন ডলার (২৮০ কোটি ৬০ লাখ ডলার) রেমিট্যান্স। এর মধ্যে শুধু ৩০ জুন একদিনেই এসেছে ১২০ মিলিয়ন মার্কিন ডলার।

আরও পড়ুন: আবারও এক লাফে বাড়ল সোনার দাম

তবে মাসভিত্তিক হিসাবে দেখা যায়, ২০২৬ সালের জুনে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২ হাজার ৮০৬ মিলিয়ন ডলার, যা ২০২৫ সালের একই মাসের ২ হাজার ৮২৩ মিলিয়ন ডলারের তুলনায় সামান্য কম।

সংশ্লিষ্টরা মনে করছেন, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ হওয়া, বৈধ পথে রেমিট্যান্স প্রেরণে সরকারের বিভিন্ন নীতিগত প্রণোদনা এবং ডলারের ক্রলিং পেগ নীতিসহ বিভিন্ন ইতিবাচক উদ্যোগের ফলে প্রবাসীদের মধ্যে বৈধ মাধ্যমে অর্থ পাঠানোর প্রবণতা বেড়েছে। অর্থনীতিবিদদের মতে, এই ধারা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে এবং অর্থনীতির ওপর ইতিবাচক প্রভাব পড়বে।