সঞ্জীবন প্রকল্প ও ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের আশ্বাস
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোঃ মোস্তাকুর রহমান, এফসিএমএ-এর সঙ্গে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিদলের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকটির আধুনিকায়ন, ডিজিটাল রূপান্তর, সঞ্জীবন প্রকল্পের Pre-Finance সুবিধা, Core Banking System (CBS) বাস্তবায়ন এবং প্রয়োজনীয় জনবল নিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এ সভায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, ৫ জনের বেতন অবনমন
সভায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বহুল প্রতীক্ষিত ‘সঞ্জীবন প্রকল্প’-এর Pre-Finance সুবিধা অনুমোদনের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে প্রকল্পটির মঞ্জুরি দ্রুত অনুমোদনের বিষয়ে আশ্বাস দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। সংশ্লিষ্টরা মনে করছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে বাহিনীর সদস্যদের আর্থিক অন্তর্ভুক্তি ও অর্থনৈতিক উন্নয়নে নতুন সুযোগ তৈরি হবে।
এ ছাড়া আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে Core Banking System (CBS) সফলভাবে বাস্তবায়ন এবং ব্যাংকের সার্বিক আধুনিকায়নের জন্য প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়েও আলোচনা হয়। বাংলাদেশ ব্যাংকের BSC-এর মাধ্যমে ২০৫টি পদে নিয়োগ কার্যক্রম আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়।
আরও পড়ুন: বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
প্রয়োজনীয় জনবল নিয়োগ সম্পন্ন হলে ব্যাংকের প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়বে বলে সভায় উল্লেখ করা হয়। এর ফলে CBS বাস্তবায়ন এবং আধুনিক ব্যাংকিং কার্যক্রম আরও গতিশীল হবে।
সভায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংকিং সুবিধা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। নির্ধারিত সময়ের মধ্যে CBS বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়ার আশ্বাস দেয় বাংলাদেশ ব্যাংক।
গ্রাহকসেবা আধুনিকায়ন এবং দ্রুত, নিরাপদ ও কার্যকর আন্তঃব্যাংক লেনদেন নিশ্চিত করতে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে BACH, NPSB, BEFTN/EFT এবং অন্যান্য জাতীয় পেমেন্ট ও ক্লিয়ারিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নিয়েও আলোচনা করা হয়।
এসব কার্যক্রম বাস্তবায়িত হলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ভবিষ্যতে বেতন-ভাতা গ্রহণ, Inter-Bank Fund Transfer, ডিজিটাল পেমেন্ট, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সেবা আরও সহজ, দ্রুত ও নিরাপদভাবে গ্রহণ করতে পারবেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ইতিবাচক দিকনির্দেশনা ও সহযোগিতার আশ্বাস আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের আধুনিকায়ন এবং বাহিনীর সদস্যদের জন্য প্রযুক্তিনির্ভর, অন্তর্ভুক্তিমূলক ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ডেপুটি গভর্নর ড. কবীর আহমেদ এবং ডেপুটি গভর্নর মো. সারওয়ার হোসেন সভায় অংশ নেন।





