তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:২৯ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১:২৯ অপরাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টানা তিন দফা দাম কমানোর পর এবার দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের দাম সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের তথ্য জানায় বাজুস। এদিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

আরও পড়ুন: তৃতীয়বার কমল সোনার দাম

বাজুস জানায়, বুধবার সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকেই স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। এর আগে প্রতি ভরির দাম ছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। অর্থাৎ দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।

আরও পড়ুন: আবারও দাম কমল সোনার

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা।

তবে স্বর্ণের দাম বাড়ানো হলেও রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।