কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে ব্যয় বাড়ছে আরও ২৪২ কোটি টাকা
#প্রকল্পটির ব্যয় বেড়ে দাঁড়াবে ১ হাজার ৮৯৭ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার টাকা
#কাজ শেষ করার সময় নির্ধারণ করা হয়েছিল ২০২৩ সালের জুন পর্যন্ত
আরও পড়ুন: কুবি ‘ফুসফুসের ক্যান্সার’ প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার
#১ম দফায় দুই বছর বাড়িয়ে ২০২৫ সালের জুন পর্যন্ত করা হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নতুন দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ আট বছরেও শেষ হয়নি। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়া এবং নির্মাণসামগ্রীর দাম বাড়ায় প্রকল্পটির ব্যয় ও মেয়াদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম সংশোধনী প্রস্তাবে মূল অনুমোদিত ব্যয়ের চেয়ে আরও ২৪২ কোটি ৭ লাখ ৫৯ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে প্রকল্পের মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
আরও পড়ুন: শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে শিক্ষার্থীদের: ইউজিসি সদস্য ড. মামুন
‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটির মূল ব্যয় ছিল ১ হাজার ৬৫৫ কোটি ৫০ লাখ টাকা। সংশোধিত প্রস্তাব অনুমোদন পেলে প্রকল্পটির ব্যয় বেড়ে দাঁড়াবে ১ হাজার ৮৯৭ কোটি ৫৭ লাখ ৫৯ হাজার টাকা। বাড়তি এই অর্থ মূল প্রকল্প ব্যয়ের ১৪ দশমিক ৬২ শতাংশ। আগামী বুধবার (১৮ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পটির প্রথম সংশোধনী প্রস্তাব উপস্থাপনের কথা রয়েছে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, চলতি বছরের ৩ ফেব্রুয়ারি আর্থসামাজিক অবকাঠামো বিভাগে অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় সংশোধিত প্রস্তাবটি যাচাই-বাছাই করা হয়। সভা শেষে প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য একনেকে পাঠানোর সুপারিশ করা হয়েছে। সম্পূর্ণ সরকারি অর্থায়নে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে।
পরিকল্পনা কমিশনের নথি অনুযায়ী, কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলায় বাস্তবায়নাধীন প্রকল্পটি ২০১৮ সালের নভেম্বরে অনুমোদন দেওয়া হয়। তখন প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৬৫৫ কোটি ৫০ লাখ টাকা। কাজ শেষ করার সময় নির্ধারণ করা হয়েছিল ২০২৩ সালের জুন পর্যন্ত। পরে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ব্যয় না বাড়িয়ে প্রকল্পের মেয়াদ দুই বছর বাড়িয়ে ২০২৫ সালের জুন পর্যন্ত করা হয়। তবে বর্ধিত সময়েও প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হয়নি।
এদিকে গণপূর্ত অধিদপ্তরের (পিডব্লিউডি) ২০২২ সালের হালনাগাদ রেট সিডিউল কার্যকর হওয়ায় বিভিন্ন নির্মাণ ও পূর্তকাজের ব্যয় পুনর্নির্ধারণ করতে হয়েছে। এ কারণে প্রকল্পের ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে অবশিষ্ট কাজ শেষ করতে মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
সংশোধিত প্রস্তাবে প্রকল্পের আওতায় নতুন করে ১৫টি অঙ্গ যুক্ত করার কথা বলা হয়েছে। এর মধ্যে রয়েছে নিরাপত্তা ব্যারাক, বহিঃঅগ্নিনির্বাপণ ব্যবস্থা, পাম্প হাউস, পানি সঞ্চালন লাইন, বৈদ্যুতিক সংযোগ, বৃক্ষরোপণ ও সৌন্দর্যবর্ধন, পরিবেশগত ছাড়পত্র ও ব্যাংক চার্জ। নতুন রেট সিডিউলের কারণে ছাত্র ও ছাত্রী হল, একাডেমিক ভবন, উপাচার্য ও শিক্ষকদের আবাসিক ভবন, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), অডিটোরিয়াম ও ভূমি উন্নয়নসহ কয়েকটি খাতের ব্যয়ও বেড়েছে।
তবে সংশোধিত প্রস্তাবে প্রকল্পের কিছু কাজ বাদ দেওয়ার কথাও বলা হয়েছে। এর মধ্যে রয়েছে লেকের ওপর সেতু, স্মৃতিস্তম্ভ, ওয়াচ টাওয়ার বা শহীদ মিনার, পারিবারিক বিনোদন এলাকা এবং বৈজ্ঞানিক ও টেলিযোগাযোগ যন্ত্রপাতি। এ ছাড়া ভূমি অধিগ্রহণ, মেডিকেল সেন্টার, স্পোর্টস কমপ্লেক্স, লেক খনন ও জলাধার নির্মাণ, সৌরবিদ্যুৎ এবং গভীর নলকূপসহ আটটি খাতে ব্যয় কমানোর প্রস্তাব করা হয়েছে।
পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, ২০১৮ সালে প্রকল্পটি অনুমোদিত হলেও দরপত্র প্রক্রিয়া, ভূমি অধিগ্রহণ ও মাস্টারপ্ল্যান তৈরিতে কয়েক বছর সময় লেগেছে। এ কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। পরে প্রকল্পের প্রয়োজনীয় কিছু কাজ যুক্ত হওয়ায় ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এখন একনেকের অনুমোদন পাওয়া গেলে বর্ধিত অর্থ ও সময়ের মধ্যে অবশিষ্ট কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হবে।
পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত প্রকল্পটির পেছনে ১ হাজার ৪৩৭ কোটি ৪৭ লাখ ৮৬ হাজার টাকা ব্যয় হয়েছে। এ পর্যন্ত প্রকল্পের আর্থিক অগ্রগতি ৮৬ দশমিক ৯২ শতাংশ এবং ভৌত অগ্রগতি ৮৬ দশমিক ৮৩ শতাংশ। বাকি কাজ শেষ করতে ২০২৭ সালের জুন পর্যন্ত সময় চাওয়া হয়েছে।
প্রকল্পের আওতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসনসংকট কমানোর পাশাপাশি আধুনিক শিক্ষা ও গবেষণার পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় ১৯৫ দশমিক ৫২ একর জমি অধিগ্রহণ এবং ১০০ একর জমি উন্নয়ন করার কথা রয়েছে।
এ ছাড়া ১০ তলা দুটি ছাত্র হল, দুটি ছাত্রী হল, শিক্ষকদের আবাসিক ভবন, ডরমিটরি ও কর্মচারীদের ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। কলা ও মানবিক, বিজ্ঞান, প্রকৌশল এবং ব্যবসায় শিক্ষা অনুষদের জন্য চারটি ১০ তলা একাডেমিক ভবন, ছয় তলা প্রশাসনিক ভবন, ছয় তলা গ্রন্থাগার, পাঁচ তলা টিএসসি, তিন তলা অডিটোরিয়াম ও মেডিকেল সেন্টার, কেন্দ্রীয় মসজিদ এবং সাতটি বৈদ্যুতিক উপকেন্দ্র নির্মাণের কাজও প্রকল্পের আওতায় রয়েছে।
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করিম বলেন, দীর্ঘদিন ধরে উন্নয়ন প্রকল্পের কাজ বন্ধ ছিল। দেশের সংকটময় পরিস্থিতিতেও যাতে শিক্ষাখাতের উন্নয়ন কার্যক্রম ব্যাহত না হয়, সে বিষয়টি বিবেচনায় নিয়ে আগের প্রকল্পের কিছু কাজ কাটছাঁট করা হয়েছে। বাদ দেওয়া কাজগুলো ভবিষ্যতে বাস্তবায়ন করা হবে।
উপাচার্য আরও বলেন, ‘আমরা আশা করছি, ২০২৭ সালের জুনের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করতে পারব। প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়িত হলে শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের আবাসন ও শ্রেণিকক্ষের সংকট অনেকটাই দূর হবে।’





