ঢাবির নতুন উপাচার্য ওবায়দুল ইসলাম, ইউজিসির চেয়ারম্যান মামুন আহমেদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বর্তমান উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক। অন্যদিকে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ।
সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
আরও পড়ুন: ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
এর আগে ইউজিসির চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন অধ্যাপক এস এম এ ফায়েজ। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে অপারগতার কথা উল্লেখ করেন। সোমবার (১৬ মার্চ ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কাছে তিনি এ আবেদন পাঠান।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ থেকেও অব্যাহতি চেয়ে গত ২২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতির কাছে আবেদন করেন তৎকালীন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। ওই দিন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করে উপাচার্যের পদ থেকে অব্যাহতি চেয়ে তাঁর মূল পদ—উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড–১ অধ্যাপক হিসেবে ফিরে যাওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জমা দেন।
আরও পড়ুন: ঢাবির নতুন উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ১০ ফেব্রুয়ারি এক বিশেষ সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের ধারাবাহিকতায় তিনি এ সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একই বছরের আগস্টের শেষদিকে নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেছিলেন।





