শনিবারেও ক্লাস: ১০ সপ্তাহ খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়
রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে সৃষ্ট শিখন ঘাটতি পূরণে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর অংশ হিসেবে সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার থেকেই সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা রেখে পাঠদান কার্যক্রম চালু করা হয়েছে। শুধু আজ নয়, পরবর্তী আরও টানা ৯টি শনিবার সাপ্তাহিক ছুটি বাতিল করে নিয়মিত ক্লাস চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: জুলাই জাতীয় সনদে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগ, সংশোধন চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন
সম্প্রতি জারি করা এক অফিস আদেশে অধিদপ্তর জানায়, রমজান মাসব্যাপী ছুটি থাকায় শিক্ষার্থীদের পড়াশোনায় ঘাটতি তৈরি হয়েছে। সেই ঘাটতি কাটিয়ে নির্ধারিত সময়ের মধ্যে পাঠসূচি শেষ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
আরও পড়ুন: নিরাপত্তার শঙ্কায় হেলমেট পরে ক্লাসে জবি শিক্ষার্থীরা
অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বলেন, বার্ষিক পাঠপরিকল্পনা অনুযায়ী সিলেবাস শেষ করা জরুরি। দীর্ঘ ছুটির কারণে সৃষ্ট শিখন ঘাটতি পূরণে শনিবারেও ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচন, রোজা ও ঈদের কারণে বছরের প্রথম তিন মাসে শ্রেণি কার্যক্রম কম হওয়ায় শিক্ষার্থীদের শেখার ঘাটতি তৈরি হয়েছে। এ পরিস্থিতি সামাল দিতে ছুটির পর থেকে পুরোদমে ক্লাস নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এ বছর নির্ধারিত সময়ের আগেই ১৯ ফেব্রুয়ারি থেকে প্রাথমিক বিদ্যালয়সহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এতে প্রায় ৩৭ দিনের দীর্ঘ ছুটি তৈরি হয়।
নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১০ সপ্তাহ প্রাথমিক বিদ্যালয়গুলোতে শনিবারেও ক্লাস চলবে। তবে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।





