ঢাবিতে পুশকিনের ২২৭তম জন্মবার্ষিকী ও রুশ ভাষা দিবস উদযাপন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আধুনিক রুশ সাহিত্যের জনক আলেকজান্ডার পুশকিনের ২২৭তম জন্মবার্ষিকী এবং রুশ ভাষা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার (১৪ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকাস্থ রাশিয়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা এ. খেলভনয়।
আরও পড়ুন: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি চালু
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, আলেকজান্ডার পুশকিন আধুনিক রুশ সাহিত্যের জনক হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত এবং তাঁর সাহিত্যকর্ম মানবিক মর্যাদা, স্বাধীনতা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক পরিচয়ের চেতনায় সমৃদ্ধ। তিনি বলেন, পুশকিন দিবস উদযাপন কেবল একজন মহান সাহিত্যিকের প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, বরং বিশ্বের অন্যতম সমৃদ্ধ ভাষা রুশ ভাষার গুরুত্ব ও ঐতিহ্যকেও তুলে ধরে।
তিনি আরও বলেন, ভাষা বিভিন্ন জাতি ও সংস্কৃতির মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, বন্ধুত্ব ও সহযোগিতার সেতুবন্ধন হিসেবে কাজ করে। আন্তর্জাতিক শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে বলেও উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: ইউরোপভিত্তিক আন্তর্জাতিক সংগঠন আইএপিএসের বিশেষ সদস্য নির্বাচিত ঢাবি শিক্ষার্থী ফাতিন ইশরাক
অধ্যাপক আবদুস সালাম বলেন, সাহিত্যচর্চা, ভাষা শিক্ষা এবং জ্ঞানভিত্তিক বিনিময়ের মাধ্যমে শিক্ষার্থীদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি বিকাশে বিশ্ববিদ্যালয় প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে রাশিয়ান হাউসের অবদানের প্রশংসা করে রুশ ভাষা ও সাহিত্য অধ্যয়নে আগ্রহী শিক্ষার্থীদের অভিনন্দন জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে আলেকজান্দ্রা এ. খেলভনয় বলেন, রুশ ভাষা কেবল যোগাযোগের মাধ্যম নয়; এটি বিশ্বমানের বিজ্ঞান, সাহিত্য ও প্রযুক্তির বিশাল ভাণ্ডারে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ দ্বার। তিনি বলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রুশ ভাষা শিক্ষা উচ্চশিক্ষা, গবেষণা এবং পেশাগত উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি করতে পারে।
তিনি আরও জানান, রাশিয়া সরকারের বিভিন্ন বৃত্তি কর্মসূচির আওতায় দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে রুশ ভাষাজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই এবং রাশিয়ান হাউসের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতিসংঘের স্বীকৃত ভাষা দিবসগুলোর মধ্যে রুশ ভাষা দিবস প্রতি বছর বিশ্বব্যাপী উদযাপিত হয়। মহান সাহিত্যিক আলেকজান্ডার পুশকিনের জন্মবার্ষিকী উপলক্ষে এই দিবস পালন করা হয়ে থাকে।





