চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৬ | আপডেট: ১২:২৫ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বন্যার পর ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি এবং পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ২০২৬ সালের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের পৃথক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আরও পড়ুন: ঢাবিতে খানবাহাদুর আহ্ছানউল্লার শিক্ষা ও অধ্যাত্মচেতনা নিয়ে সেমিনার

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার সামগ্রিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা এবং বন্যার কারণে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় পরীক্ষা কেন্দ্রে যাতায়াতের সমস্যার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ সিদ্ধান্তের আওতায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার পাশাপাশি বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট সব বিষয়ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।

আরও পড়ুন: ছাত্রদল নেতার উদ্যোগে ঢাবির বিজয় একাত্তর হলে গঠিত হচ্ছে ফিল্ম ক্লাব

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হবে।

তবে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলার বাইরে অন্যান্য শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।