ঢাকা কলেজে ছাত্রদলের হামলায় আহত শিবির নেতার অবস্থা আশঙ্কাজনক
ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক আব্দুল মালেকের ওপর হামলার অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত আব্দুল মালেককে রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে দুপুর দেড়টার দিকে ঢাকা কলেজ ক্যাম্পাসে মিছিল করেন কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
আরও পড়ুন: গাকৃবিতে ২৯ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের তিন মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন দাবি করেন, জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে গ্যালারি-২-এ শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার প্রস্তুতি চলছিল। অফিস সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী গ্যালারি সাজানোর কাজ করছিলেন। এ সময় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশারফের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী এসে অতর্কিত হামলা চালিয়ে আব্দুল মালেকসহ কয়েকজনকে মারধর করেন বলে অভিযোগ করেন তিনি।
তার দাবি, হামলায় আব্দুল মালেক মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে চিকিৎসার জন্য ধানমন্ডির পপুলার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার চিকিৎসা চলছে।
আরও পড়ুন: প্রথমবারের মতো ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার
এদিকে ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এম ইলিয়াস বলেন, সকাল থেকে কলেজে নিয়মিত ক্লাস ও পরীক্ষা চলছিল। ছাত্রদলের একটি মিছিলকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনা তৈরি হলেও বড় ধরনের সংঘর্ষের তথ্য তার কাছে নেই। তবে ইসলামী ছাত্র আন্দোলনের এক শিক্ষার্থীকে ‘ছাত্রলীগ’ সন্দেহে মারধরের একটি অভিযোগ পাওয়া গেছে বলেও জানান তিনি।





