২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে ভর্তি হবে লটারিতে, পরীক্ষা নয়

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬ | আপডেট: ২:০৮ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি আর ভর্তি পরীক্ষার মাধ্যমে হবে না। এ শ্রেণিতে ভর্তি কার্যক্রম লটারির মাধ্যমে সম্পন্ন করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: গাকৃবিতে ২৯ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষকদের তিন মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হলেও প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে।

এর আগে চলতি বছরের ১৬ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা দিয়েছিলেন, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষা চালু করা হবে।

আরও পড়ুন: প্রথমবারের মতো ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার

সে সময় তিনি বলেছিলেন, “বছরের প্রথমে অ্যাডমিশন যেটা হয়, সেখানে আমরা লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। আগাম জানিয়ে দিলাম, যেন সবাই সুযোগ পায়। আমরা লটারি সিস্টেম উইথড্র করলাম।”

তবে সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে না; বরং লটারির মাধ্যমেই ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

উল্লেখ্য, ২০১১ শিক্ষাবর্ষে সরকারি বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে প্রথমবারের মতো লটারির মাধ্যমে ভর্তি কার্যক্রম চালু করা হয়। পরবর্তীতে ২০১২ শিক্ষাবর্ষ থেকে বেসরকারি বিদ্যালয়েও একই পদ্ধতি কার্যকর করা হয়।