এসএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন করবেন যেভাবে
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হচ্ছে আগামী ১১ আগস্ট। ফল প্রকাশের পরদিন থেকে শুরু হয়ে এ আবেদন চলবে ১৭ আগস্ট পর্যন্ত। শিক্ষার্থীরা অনলাইনে নিজ নিজ শিক্ষা বোর্ডের মাধ্যমে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। শনিবার (৮ আগস্ট) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফল প্রকাশের পর ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে। এ জন্য শিক্ষার্থীদের নির্ধারিত অনলাইন পোর্টালে গিয়ে আবেদন করতে হবে।
আরও পড়ুন: চবি’তে ৩ হাজার শিক্ষার্থীর ফ্রি মেডিকেল ক্যাম্প বন্ধের অভিযোগ জিএস হাবীবের বিরুদ্ধে
যেভাবে আবেদন করবেন
ফল পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের প্রথমে https://rescrutiny.eduboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে নির্ধারিত স্থানে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে। এরপর মোবাইল ফোন নম্বর দিতে হবে।
আরও পড়ুন: এভারেস্ট জয়ী ঢাবির শিক্ষার্থী নুরুন্নাহার নিম্নিকে সংবর্ধনা
পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ হলে ওই মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে। পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ে ফল পুনর্নিরীক্ষণ করতে চাইলে সংশ্লিষ্ট বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।
প্রতি পত্রে ফি ১৫০ টাকা
ফল পুনর্নিরীক্ষণের জন্য প্রতিটি পত্রের ক্ষেত্রে ১৫০ টাকা ফি দিতে হবে। দ্বিপত্রবিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে। আবেদন করার সময় পরবর্তী স্ক্রিনে মোট প্রদেয় ফি দেখা যাবে। ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ ও সোনালী সেবা-এর মাধ্যমে। ফি পরিশোধের পর পুনর্নিরীক্ষণের আবেদন পোর্টালে ফিরে ‘জমা দিন’ বাটনে ক্লিক করে আবেদন সম্পন্ন করতে হবে।
একবার ফি দিয়ে আবেদন জমা দেওয়ার পরও শিক্ষার্থী চাইলে আরও বিষয় যুক্ত করতে পারবেন। এ ক্ষেত্রে নতুন করে মোবাইল ফোন নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।
ফি দেওয়ার আগে আবেদন পরিবর্তনের সুযোগ
ফি পরিশোধের আগে আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হলে ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে যেসব বিষয়ের জন্য এখনো ফি দেওয়া হয়নি, সেগুলো প্রত্যাহার করা যাবে। এরপর নতুন করে বিষয় নির্বাচন করে আবেদন করা যাবে।
তবে একবার ফি পরিশোধ করা হলে আবেদন করা বিষয়গুলো আর বাতিল করা যাবে না। কোনো অবস্থাতেই পরিশোধ করা ফি ফেরত দেওয়া হবে না।
শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ফল পুনর্নিরীক্ষণের জন্য কোনো ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না। সব আবেদন নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে করতে হবে।





