নিয়োগপত্র না পেয়ে শাহবাগে প্রাথমিকের সুপারিশপ্রাপ্তদের অবস্থান

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫১ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২:৩৭ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও নিয়োগপত্র না পাওয়ার প্রতিবাদে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগপ্রার্থীরা। রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টার পর মিছিল নিয়ে শাহবাগ থানার সামনের সড়কে অবস্থান নেন তারা। এর আগে সকাল থেকেই আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন।

আন্দোলনকারীরা জানান, চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও যেসব প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি, তাদের দ্রুত নিয়োগপত্র দেওয়ার দাবিতেই এই কর্মসূচি। তাদের ভাষ্য, কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে পালন করা হচ্ছে।

আরও পড়ুন: হলে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

গত ২৪ সেপ্টেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের নিয়োগপত্র বিতরণ শুরু হয়। তবে বিভিন্ন জেলায় অনেক প্রার্থী এখনো নিয়োগপত্র না পাওয়ায় তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

‘চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত প্রাথমিক সহকারী শিক্ষক-২০২৫’ প্ল্যাটফর্মের দাবি, ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়ায় সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় ১ হাজার ৫০০ প্রার্থীর নিয়োগপত্র এখনো ইস্যু করা হয়নি।

আরও পড়ুন: প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: গণশিক্ষা মন্ত্রণালয়

একই ধরনের দাবি করেছে ‘কেন্দ্রীয় প্যানেল প্রাইমারি ২০২৫’ প্ল্যাটফর্ম। সংগঠনটির দাবি, চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পরও প্রায় ১ হাজার ৫০০ প্রার্থীর নিয়োগপত্র আটকে আছে। যারা নিয়োগ থেকে বাদ পড়েছেন, তাদের বাদ দেওয়ার সুনির্দিষ্ট কারণ প্রকাশের দাবিসহ পাঁচ দফা দাবি জানিয়েছে সংগঠনটি। গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।

চলতি বছরের ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা বাদে দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জনকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়।

এরপর গত ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১৪ হাজার ৩৮৪ জনকে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। একই সঙ্গে জেলা ভিত্তিক উত্তীর্ণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করা হয়। চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্তদের একটি অংশ নিয়োগপত্র পেলেও এখনো যারা তা পাননি, তাদের দ্রুত নিয়োগ দেওয়ার দাবিতেই শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।