জামায়াতের প্রার্থী বাদলের মৃত্যু
শেরপুর-৩ আসনের ভোট স্থগিত , ১২ ফেব্রুয়ারির পর পুনঃতফসিল ঘোষণা: ইসি মাছউদ
জামায়াতে ইসলামীর প্রার্থী আলহাজ্জ নুরুজ্জামান বাদল (৫১) মারা যাওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) সংসদ নির্বাচন স্থগিত করা হয়েছে। তিনি শেরপুর জেলা শাখার জামায়াতের সেক্রেটারি ছিলেন। আগামী ১২ ফেব্রুয়ারির আগে এই আসনে পুনরায় নির্বাচনী তফসিল ঘোষণার কোনো আইনি সুযোগ নেই বলে জানিয়েছেন, নির্বাচন কমিশনার (ইসি) মো. আবদুর রহমান মাছউদ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
আরও পড়ুন: আঞ্চলিক পর্যায়েই আঙুলের ছাপ যাচাই: ভোটার সেবায় বড় স্বস্তি আনছে ইসি
বর্তমানে সারা দেশে ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন উল্টেলখ করে ইসি মাছউদ জানিয়েছেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের যেকোনো ঘটনায় সংক্ষুব্ধ ব্যক্তিরা সরাসরি ‘ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি’র কাছে অভিযোগ করতে পারবেন।
তিনি বলেন, নির্বাচনে নিয়োজিত কোনো কর্মকর্তা যদি নিজে আইন ভঙ্গ করেন বা কোনো প্রার্থীর প্রতি পক্ষপাতিত্ব প্রদর্শন করেন, তবে তাঁর বিরুদ্ধেও ইনকোয়ারি কমিটির কাছে অভিযোগ দেওয়া যাবে। অভিযোগ গুরুতর প্রকৃতির হলে সরাসরি নির্বাচন কমিশন (ইসি) ব্যবস্থা গ্রহণ করবে।
আরও পড়ুন: সুন্দর নির্বাচন শেষে আত্মতৃপ্তির ঈদ : ইসি আনোয়ারুল ইসলাম
দেশের সামগ্রিক নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে এই কমিশনার বলেন, আমরা মনে করি নির্বাচনী পরিবেশ যথেষ্ট ভালো আছে। দেশের সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন- একটি সুন্দর ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে তারা আমাদের সহায়তা করবেন।
সম্প্রতি ঢাকা-১৭ আসনের এক প্রার্থীর সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে অপেশাদার আচরণের বিষয়ে ইসি মাছউদ কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দুর্ব্যবহারের বিষয়টি প্রমাণিত হলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাহিনীর মনোবল ক্ষুণ্ণ হয় এমন কোনো আচরণ গ্রহণযোগ্য নয়।
পরিবার সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে জামায়াত প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান (বাদল) মৃত্যুবরণ করেন। এরআগে রাত ১০টার দিকে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন নুরুজ্জামান বাদল। তাৎক্ষণিকভাবে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর রাত তিনটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।





