বধূর সাজে প্রভা, তবে কি সত্যিই বিয়ে?
অভিনয়ে চরিত্রের বৈচিত্র্য তুলে ধরার ক্ষেত্রে সাদিয়া জাহান প্রভা বরাবরই আলোচিত। পর্দায় কখনো প্রেমিকা, কখনো স্ত্রী, আবার কখনো ভিন্নধর্মী চরিত্রে নিজের অভিনয়দক্ষতার ছাপ রেখেছেন এই অভিনেত্রী। এবার সেই অভিনয়েরই নতুন এক রূপ দেখা গেল তার সামাজিক যোগাযোগমাধ্যমে। হঠাৎ বধূর সাজে ছবি প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন প্রভা।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনটি ছবি প্রকাশ করেন তিনি। ছবিতে লাল শাড়ি, মাথায় মুকুট, কপালে টিকলি ও হাতে শাঁখা-পলা পরে বিয়ের আসরে বসে থাকতে দেখা যায় তাকে। সনাতন ধর্মীয় রীতিতে সাজানো বিয়ের আয়োজনও নজর কেড়েছে ছবিগুলোতে। বাড়ির উঠানে তৈরি করা হয়েছে বিয়ের মঞ্চ। রঙিন কাগজের সাজসজ্জার পাশাপাশি ছিল কলাগাছ ও বিয়ের আনুষ্ঠানিকতার নানা উপকরণ।
আরও পড়ুন: আদালতে তানজিন তিশা: ‘ন্যায়বিচার নিয়েই আমি এখান থেকে যাব’
প্রভার এমন সাজ দেখে স্বাভাবিকভাবেই ভক্তদের মনে প্রশ্ন উঠেছে—তবে কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেত্রী? অবশ্য সেই কৌতূহলের কিছুটা উত্তর দিয়েছেন প্রভা নিজেই। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার মধ্যে নানারকম ব্যক্তিত্ব নেই। তবে অভিনয়শিল্পী হওয়ার সুবাদে, বিভিন্ন ধরনের চরিত্র উপস্থাপন করতে পারি।’
প্রভার এই বক্তব্য থেকেই ধারণা করা হচ্ছে, বাস্তব জীবনের কোনো আয়োজন নয়, বরং নতুন কোনো চরিত্রের প্রয়োজনে বধূর সাজে ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি। তবে এটি কোন নাটক বা সিনেমার দৃশ্য, সে বিষয়ে এখনো বিস্তারিত জানাননি অভিনেত্রী।
আরও পড়ুন: প্রথম সন্তানের বাবা-মা হলেন ডিলান স্প্রাউস ও বারবারা পালভিন
অভিনয়ে কিছুটা অনিয়মিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতই সরব প্রভা। দীর্ঘ অভিনয়জীবনে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে নিজের আলাদা জায়গা তৈরি করেছেন তিনি। চরিত্রের আবেগ ও অভিব্যক্তি ফুটিয়ে তোলার ক্ষেত্রে তার স্বতঃস্ফূর্ত অভিনয় বরাবরই প্রশংসা পেয়েছে।
এদিকে নতুন দুটি সিনেমায়ও যুক্ত হয়েছেন প্রভা। সাদেক সিদ্দিকীর ‘দেনা পাওনা’ সিনেমার বেশির ভাগ শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। পাশাপাশি ‘দুই পয়সার মানুষ’ সিনেমাতেও অভিনয় করছেন তিনি। দুটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।
ফলে বধূর সাজের নতুন এই ছবিগুলো শুধু ভক্তদের কৌতূহলই বাড়ায়নি, বরং পর্দায় প্রভার নতুন চরিত্র দেখার আগ্রহও তৈরি করেছে। বাস্তবে বিয়ে নয়, অভিনয়ের প্রয়োজনে এই সাজ—নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো গল্প, সেটি জানতে অপেক্ষা করতে হবে প্রভার পরবর্তী ঘোষণার জন্য।





