আদালতে তানজিন তিশা: ‘ন্যায়বিচার নিয়েই আমি এখান থেকে যাব’

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩:৫৪ অপরাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:৪৬ পূর্বাহ্ন, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‘আমি আদালতকে অনেক সম্মান করি। আইনের প্রতি আমার যে বিশ্বাস আছে, সেই বিশ্বাস থেকে যদি আদালতে আরও পাঁচবার আসা হয়, আমি আসব। এই মামলায় ন্যায়বিচার নিয়েই আমি এখান থেকে যাব।’ ২৮ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় মঙ্গলবার আদালতে হাজির হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অভিনেত্রী তানজিন তিশা। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে মামলাটির জামিন বর্ধিতের আবেদন ও চার্জগঠন শুনানি হয়। শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তানজিন তিশা।

তিনি বলেন, ‘হয়তো অনেকে মনে করেন, কেন আদালতে আসলাম, বারবার আদালতে আসি। আমি আদালতে বারবার আসব।’

আরও পড়ুন: প্রথম সন্তানের বাবা-মা হলেন ডিলান স্প্রাউস ও বারবারা পালভিন

তিশার আইনজীবী নিহার হোসেন ফারুক জানান, জামিন বর্ধিতের পরবর্তী তারিখ ও চার্জ শুনানির তারিখ আদালত থেকে বিকেলে জানা যাবে।

এর আগে গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তানজিন তিশা। তার আগে ১২ জুলাই তাকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছিল।

আরও পড়ুন: পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা

জামিন পাওয়ার পর তিশা জানিয়েছিলেন, ২৮ হাজার টাকার একটি শাড়ি আত্মসাতের অভিযোগে তাকে আদালতে আসতে হয়েছে। আইনকে শ্রদ্ধা করেন বলেই আদালতে হাজির হয়েছেন বলেও সেদিন জানান তিনি। একই সঙ্গে মামলায় তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে দাবি করে শাড়ি আত্মসাৎ বা প্রতারণার মতো কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেন অভিনেত্রী।

মামলার অভিযোগে বলা হয়েছে, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নিয়েছিলেন তানজিন তিশা। শাড়িটির প্রচারণা এবং মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার পর তিনি যোগাযোগ বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় ২০২৫ সালে অনলাইন ফ্যাশন পেজটির এডমিন আমিনুল ইসলাম প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে আদালতে মামলা করেন।

মামলার পর বাদীর জবানবন্দি গ্রহণ করে ডিবি পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেন আদালত। তদন্ত শেষে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ।

পরে ওই প্রতিবেদন আমলে নিয়ে গত ১২ জুলাই তানজিন তিশাকে আদালতে হাজির হতে সমন জারি করা হয়। মামলাটির অভিযোগের বিষয়ে তানজিন তিশা শুরু থেকেই তা অস্বীকার করে আসছেন। মামলাটি বর্তমানে আদালতে বিচারিক প্রক্রিয়ার মধ্যে রয়েছে।