চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:২২ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ৬:১৪ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোররাত আনুমানিক ৩টা ১৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর একটি টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনোহরপুর এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে পরিত্যক্ত অবস্থায় থাকা ৮৮টি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ২৮ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

আরও পড়ুন: ইউপি ভোটের তারিখ চূড়ান্ত করতে পারেনি ইসি

পরে উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, সীমান্ত এলাকায় অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

তিনি আরও বলেন, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালান রোধে সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি জ্বালানি ও ভোজ্য তেল চোরাচালান প্রতিরোধেও অতিরিক্ত চেকপোস্ট ও নদীপথে নজরদারি বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকী ও বৃত্তি পরীক্ষার দিনে ইউপি ভোট, তারিখ বদলের ভাবনা