ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিকে স্বাগত জানিয়ে যুবদলের আনন্দ মিছিল
সদ্য ঘোষিত ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল করেছে তেজগাঁও থানা যুবদল।
সোমবার (২ নভেম্বর) বিকেলে মিছিলটি রাজধানীর ফার্মগেট থেকে শুরু হয়ে কারওয়ান বাজার প্রদক্ষিণ করে এফডিসির সামনে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন তেজগাঁও থানা যুবদলের সদস্যসচিব আব্দুর রহমান, যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ মিন্টু, জসিম উদ্দিন মিয়াজী ও বিল্লাল হাওলাদার। মিছিলে থানা যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বিএনপির এলিজা জামান
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, রাজপথের পরীক্ষিত ও ত্যাগী নেতাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির দায়িত্ব দেওয়ায় সংগঠনে নতুন প্রাণের সঞ্চার হবে। তাঁদের অতীত অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা ও নিরলস শ্রমের মাধ্যমে ঢাকা মহানগর উত্তর বিএনপি আরও শক্তিশালী ও গতিশীল হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।





