কলমাকান্দায় দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ৩
নেত্রকোণার কলমাকান্দায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে মো. সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় টেঁটাবিদ্ধসহ আহত হয়েছেন আরও তিনজন। শুক্রবার (৩০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার পোগলা ইউনিয়নের খাতে সালেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম হোসেন ওই গ্রামের আবদুল হাসিমের ছেলে।
আরও পড়ুন: কুলাউড়ার সাবেক এমপি নবাব সরওয়ার খানের বড় ছেলে আর নেই
স্থানীয় সূত্রে জানা গেছে, খাতে সালেঙ্গা গ্রামের দুটি পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ ও উত্তেজনা চলছিল। শুক্রবার রাতে সেই বিরোধকে কেন্দ্র করে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে হামলা-পাল্টাহামলার একপর্যায়ে সাদ্দাম হোসেনের বুকে টেঁটা বিদ্ধ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা সাদ্দামসহ আহত ব্যক্তিদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাদ্দাম হোসেনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: গফরগাঁওয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
এ ঘটনায় আহত অপর তিনজন হলেন একই গ্রামের হারিস মিয়ার ছেলে দুরবীন মিয়া (৩৬), শফিকুলের ছেলে আজহার (২২) এবং কাশেমের ছেলে হাদিস (৩০)। তাঁরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, প্রতিপক্ষের লোকজন এলাকার চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, এমন অভিযোগের প্রতিবাদ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। সেই বিরোধের জের ধরেই শুক্রবার রাতে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
ওসি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।





