পরীমণির মাদক মামলা স্থগিত থাকবে ৬ মাস

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৩ | আপডেট: ১২:২৫ অপরাহ্ন, ০৯ জানুয়ারী ২০২৩
(no caption)
(no caption)

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার কার্যক্রম ৬ মাস স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে পরীমণির বিরুদ্ধে দায়ের করা মাদক মামলা বাতিল প্রশ্নে জারি করা রুল ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৯ জানুয়ারি) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচাপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

আরও পড়ুন: শিল্পীদের সম্মান রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেব: জয় চৌধুরী

গত বছরের ৮ মার্চ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে করা মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান এই আদেশ দেন। 

২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র‍্যাব। দাবি করা হয়, ওই সময় বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের দামি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি জামিনে মুক্তি পান। ৪ অক্টোবর আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আরও পড়ুন: সঞ্জীব চৌধুরী স্মরণে বিশেষ কনসার্ট

অভিযোগ গঠনের পর ওই মামলা বাতিল চেয়ে পরীমণির করা আবেদনের শুনানি নিয়ে গত বছরের ১ মার্চ হাইকোর্ট রুল দিয়ে মামলার কার্যক্রম পরীমণির ক্ষেত্রে তিন মাসের জন্য স্থগিত করেন। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করে।