বাবার গ্রেপ্তার নিয়ে যা বললেন পূজা চেরি

Sanchoy Biswas
এনামুল কবীর রূপম
প্রকাশিত: ৫:১১ অপরাহ্ন, ২৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ৭:৪৯ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে বন্ধুর করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে গেছেন এ সময়ের নন্দিত চলচ্চিত্র অভিনেত্রী পূজা চেরির বাবা দেব প্রসাদ রায়। অভিযোগ, চলচ্চিত্র তৈরীর নাম করে তিনি বড় অংকের টাকা নিয়ে আর তা শোধ করেননি। এ নিয়ে নানা আলোচনা সমালোচনা ও বিতর্কের মধ্যে নিজের ভেরিফাইট ফেসবুকে নিজের অবস্থানে স্পষ্ট করেছেন চিত্র নায়িকা পূজা চেরি। বলেছেন সম্প্রতি আমার বাবা দেব প্রসাদ রায়-এর গ্রেফতার এবং আর্থিক লেনদেন সংক্রান্ত অভিযোগে, যে অনাকাঙ্ক্ষিতচ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে আমি অসংখ্য ফোন কল এবং বার্তা পাচ্ছি। সার্বিক পরিস্থিতিতে বিভ্রান্তি এড়াতে আমি আমার অবস্থান পরিষ্কার করতে চাই।

১. ব্যক্তিগত ও পেশাগত স্বতন্ত্রতা: আমার বাবার বিরুদ্ধে ওঠা অভিযোগের সাথে ব্যক্তিগতভাবে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। দীর্ঘ ১০-১২ বছর ধরে আমি মিডিয়াতে কাজ করছি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের ক্যারিয়ার ও জীবনযাপনের খরচ সম্পূর্ণভাবে নিজেই নির্বাহ করে আসছি।

আরও পড়ুন: দুর্ঘটনার পর এখন কেমন আছে নুসরত ভরুচা?

২. আর্থিক লেনদেন: আমার বাবার কোনো ধরনের ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক লেনদেনের সাথে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই। এমনকি আমি বর্তমানে কোনো প্রোডাকশন হাউজ বা প্রযোজনা প্রতিষ্ঠানের মালিকানার সাথেও যুক্ত নই।

৩. সম্মান ও ব্যক্তিগত জীবন: একজন শিল্পী হিসেবে আমি সবসময় দর্শকদের ভালোবাসা এবং সম্মানের প্রতি শ্রদ্ধাশীল থেকেছি। পরিবারের সদস্য হওয়ার সূত্রে উদ্ভূত এই পরিস্থিতি আমার জন্য মানসিকভাবে কষ্টদায়ক, তবে এটি একান্তই তার ব্যক্তিগত আইনি বিষয়। আমি আশা করি, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং সত্য উদঘাটিত হবে। মামলাটির তদন্ত চলমান রয়েছে, বিষয়টি বিজ্ঞ আদালত দেখবেন এবং সিদ্ধান্ত নিবেন।

আরও পড়ুন: কেনো ভায়োলেন্স ছেড়ে দিলেন অধরা খান ?

এই স্পর্শকাতর সময়ে অহেতুক আমাকে বা আমার কাজকে এই ঘটনার সাথে না জড়ানোর জন্য বিনীত অনুরোধ করছি। আমি আমার দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের পাশে চাই।