বরেণ্য নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান আর নেই

Sadek Ali
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ন, ১২ মে ২০২৬ | আপডেট: ৪:৩৫ অপরাহ্ন, ১২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব, অভিনেতা, নাট্যকার ও মঞ্চনির্দেশক আতাউর রহমান মারা গেছেন। টানা ১০ দিন লাইফ সাপোর্টে থাকার পর সোমবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন অভিনেতা রওনক হাসান।

আরও পড়ুন: আইসিইউতে ‘গেরিলা’ অভিনেতা

রওনক হাসান বলেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত এই সাংস্কৃতিক ব্যক্তিত্বের মৃত্যু দেশের নাট্যাঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমের আত্মার শান্তি কামনা করেন।

পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার বাসায় পড়ে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন আতাউর রহমান। প্রথমে তাকে গুলশানের একটি হাসপাতালে নেওয়া হলেও সেখানে আইসিইউ সুবিধা না থাকায় পরে ধানমন্ডির একটি হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: আজ অভিনেতা জাহিদ হাসানের জন্মদিন

হাসপাতালে ভর্তির পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। তবে রোববার আবার অবস্থার অবনতি হলে তাকে পুনরায় লাইফ সাপোর্টে নেওয়া হয়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালী-তে জন্মগ্রহণ করা আতাউর রহমান বাংলাদেশের নাট্য ও সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। স্বাধীনতা-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনে তার অবদান বিশেষভাবে স্মরণীয়।

দেশের সংস্কৃতি ও নাট্যাঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি একুশে পদক ও স্বাধীনতা পদক অর্জন করেন।