দেব শুভশ্রীর কেমিস্ট্রি, রুক্মিণী আসছেন অক্ষয়ের সঙ্গে

Any Akter
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৬:১৫ অপরাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেব ও শুভশ্রী গাঙ্গুলি একফ্রেমে আসা মাত্রই পুরোনো রসায়নের নস্টালজিয়ায় মেতেছে নেটপাড়া। তবে পর্দার বাইরের সমীকরণ কিন্তু এখানেই শেষ নয়! একাতরে পরিচালক রাজ চক্রবর্তী যখন প্রাক্তন মিমিকে নিয়ে নতুন প্রজেক্টের গুঞ্জনে, তখন দেবের বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্র পা বাড়াচ্ছেন মুম্বাইয়ের হাই-প্রোফাইল প্রজেক্টে। অক্ষয় কুমারের পরবর্তী বড় বাজেটের ছবিতে কেন্দ্রীয় চরিত্রে নাম উঠতে যাচ্ছে রুক্মিণীর।

টরেন্টো থেকে টালিউডের অলিগলিতে জোর গুঞ্জন—পরিচালক রাজ চক্রবর্তী নাকি তাঁর প্রাক্তন প্রেমিকা মিমি চক্রবর্তীকে নিয়ে নতুন সিনেমার পরিকল্পনা করছেন। অন্যদিকে, পিছিয়ে নেই দেবের বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্রও। সর্বভারতীয় স্তরে ক্যারিয়ারের সবচেয়ে বড় মাইলফলক অর্জনের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছেন এই অভিনেত্রী। সব সমীকরণ মিললে এবার বলিউডের 'খিলাড়ি' অক্ষয় কুমারের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যেতে পারে তাঁকে।

আরও পড়ুন: ভেনিস চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর সাথে উড়াল দিচ্ছেন সুনেরাহ

এর আগে ২০২১ সালে বিদ্যুৎ জামওয়ালের 'সনক' সিনেমার মাধ্যমে বলিউডে ডেবিউ করেছিলেন রুক্মিণী। তবে সেই ছবি তাঁকে হিন্দি বলয়ে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে পারেনি। বর্তমানে মুম্বাইয়ে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি, আর দেবও সেখানে একটি নতুন ফ্ল্যাট কিনেছেন বলে খবর। এই আবহেই বি-টাউনে নতুন শোরগোল—অক্ষয় কুমারের আসন্ন সায়েন্স-ফিকশন ও অ্যাকশন-থ্রিলার 'সামুক'-এর মূল নারী চরিত্রের জন্য বিবেচনা করা হচ্ছে রুক্মিণীকে।

হিন্দুস্তান টাইমস বাংলা-র সূত্র অনুযায়ী, 'সামুক' সিনেমার জন্য নির্মাতারা এমন এক নতুন মুখ খুঁজছিলেন, যাঁর স্ক্রিন প্রেজেন্সের পাশাপাশি নিখুঁত আবেগপ্রবণ অভিনয়দক্ষতা রয়েছে। প্রযোজক বিপুল অমৃতলাল শাহের সঙ্গে 'সনক'-এ কাজ করার সুবাদে সেই অভিজ্ঞতার আলোকেই রুক্মিণীর ওপর আস্থা রাখছেন সানশাইন পিকচার্সের কর্তারা। উল্লেখ্য, প্রায় এক দশক পর বিপুল শাহ ও অক্ষয় কুমার একজোট হয়ে নির্মাণ করছেন ভারতের প্রথম ‘এলিয়েন-থ্রিলার’ ঘরানার এই ছবি, যার প্রথম ঝলক দেখে অনেকেই হলিউডের ‘মেন ইন ব্ল্যাক’-এর কথা মনে করছেন।

আরও পড়ুন: ১১ বছর পর আবারও এক হচ্ছেন রাজ-মিমি

অভিনেত্রী হিসেবে রুক্মিণীর জাতীয় পর্যায়ে কাজ করার পূর্ণ যোগ্যতা রয়েছে বলে আগেই জানিয়েছিলেন দেব। একজন পরম বন্ধু ও শুভাকাঙ্ক্ষী হিসেবে তিনি রুক্মিণীকে বলিউডের যাত্রায় প্রতিনিয়ত উৎসাহ দিয়ে আসছেন।

যদিও রুক্মিণী বা সিনেমাটির প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ঘোষণা আসেনি, তবুও অক্ষয়-রুক্মিণী জুটি দেখার অপেক্ষায় মুখিয়ে আছেন ভক্তরা।