সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী: বিএফডিসিতে ৩ দিনব্যাপী ফ্রি সিনেমা প্রদর্শনী

সালমান শাহর মৃত্যুবার্ষিকী ঘিরে ৩ দিনজুড়ে চলবে সিনেমা প্রদর্শনী

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:০০ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:০৫ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অমর নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ স্মারক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। ঢাকাই চলচ্চিত্রের নব্বইয়ের দশকের এই রাজপুত্রকে স্মরণ করতে বিএফডিসি প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী উন্মুক্ত সিনেমা প্রদর্শনী।

বিএফডিসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাঙ্গণের ভিআইপি প্রজেকশন হলে আগামীকাল ৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৮ সেপ্টেম্বর পর্যন্ত এই বিশেষ উৎসব চলবে। সালমান শাহর ভক্ত-অনুরাগী ও সাধারণ সিনেমাপ্রেমীদের জন্য এই প্রদর্শনী সম্পূর্ণ উন্মুক্ত থাকবে।

আরও পড়ুন: ‘মির্জাপুর দ্য মুভি’: পুরোনো চরিত্র, নতুন ক্ষমতার লড়াই

আয়োজনে প্রতিদিন বিকেল ৪টা থেকে দর্শকদের জন্য পর্দায় দেখানো হবে সালমান শাহ অভিনীত জনপ্রিয় সিনেমা। প্রদর্শনীর প্রথম দিন ৬ সেপ্টেম্বর দেখানো হবে নায়ক অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘স্বপ্নের ঠিকানা’।

পরদিন ৭ সেপ্টেম্বর বিকেল ৪টায় দর্শকরা উপভোগ করতে পারবেন সালমান শাহ ও মৌসুমী অভিনীত জনপ্রিয় সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’। আর আয়োজনের শেষ দিন ৮ সেপ্টেম্বর একই সময়ে প্রদর্শিত হবে সালমান শাহ ও শাবনূর অভিনীত ‘তোমাকে চাই’।

আরও পড়ুন: কাস্টিং কাউচ ও পারিশ্রমিক বৈষম্য নিয়ে যা বললেন শ্রেয়া ঘোষাল

উল্লেখ্য, নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় এই নায়ক ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তাঁর অকালমৃত্যু আজও বাংলা চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম আলোচিত ঘটনা। প্রতিবছর ৬ সেপ্টেম্বর নানা আয়োজনের মধ্য দিয়ে স্মরণ করা হয় প্রয়াত এই তারকাকে।