বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিমি চক্রবর্তী

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:২১ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা। হঠাৎ করেই ছড়িয়ে পড়েছে তার বিয়ের খবর। ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, আগামী ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা করছেন অভিনেত্রী। শীতের আবহে পাহাড়ি শহরের মনোরম পরিবেশে হতে পারে মিমির বিয়ের আয়োজন। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অভিনেত্রী।

ভেন্যু হিসেবে আপাতত কালিম্পংয়ের নামই শোনা যাচ্ছে। তবে বিয়ের খবরের পাশাপাশি সবচেয়ে বেশি কৌতূহল তৈরি হয়েছে মিমির জীবনসঙ্গীকে ঘিরে।

আরও পড়ুন: ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন বাংলাদেশের রাকায়েত রাব্বি

এই জল্পনার মধ্যেই প্রকাশ্যে এসেছে হবু স্বামীর সঙ্গে মিমির একটি ছবি। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, পূজার সময় বন্ধুবান্ধবদের সঙ্গে আড্ডার মাঝেই সিদ্ধার্থের সঙ্গে ছবিটি তোলা হয়েছিল। ছবিতে দুজনকেই বেশ হাসিখুশি দেখা গেছে। সূত্রের দাবি, মিমির হবু জীবনসঙ্গী চলচ্চিত্র জগতের কেউ নন।

তিনি নৌবাহিনীতে কর্মরত। নাম সিদ্ধার্থ। যদিও বিয়ে নিয়ে এখন পর্যন্ত মিমি কিংবা সিদ্ধার্থ—কেউই প্রকাশ্যে মুখ খোলেননি। 

আরও পড়ুন: বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ

তবে ঘনিষ্ঠ মহলে কান পাতলে শোনা যাচ্ছে, পূজার আবহেই নাকি দুজনের সম্পর্ক আরো এক ধাপ এগিয়েছে। শুধু সম্পর্কের খবরই নয়, বিয়ের প্রস্তুতিও নাকি শুরু হয়ে গেছে।

সূত্রের দাবি, বিয়ের কেনাকাটা থেকে শুরু করে নিমন্ত্রণপত্র বিলি—সবই চলছে জোরকদমে। হাতে সময়ও বেশি নেই, তাই প্রস্তুতিতে কোনো খামতি রাখতে চাইছেন না অভিনেত্রী।

মিমির ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের আগ্রহ অবশ্য নতুন নয়। দীর্ঘদিন ধরেই সমাজমাধ্যমে তাকে বিয়ে নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। এতদিন বিষয়টি এড়িয়ে গেলেও সম্প্রতি এক অনুরাগীর প্রশ্নের জবাবে অভিনেত্রীর মন্তব্য নতুন করে জল্পনা উসকে দেয়। ফলে এবার সত্যিই কি ডিসেম্বরেই নতুন জীবনে পা রাখতে চলেছেন মিমি, সেই প্রশ্নই ঘুরছে টলিপাড়ায়। 

উল্লেখ্য যে, জলপাইগুড়ির মেয়ে মিমি অভিনয়ে আসার আগে মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু করেন। ২০১০ সালে ‘গানের ওপারে’ ধারাবাহিকে পুপু চরিত্রে অভিনয় করে দর্শকের নজরে আসেন তিনি। এরপর ২০১২ সালে ‘বাপি বাড়ি যা’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক। পরে ‘বোঝে না সে বোঝে না’সহ একাধিক ছবিতে অভিনয় করে নিজের জায়গা পাকা করেন অভিনেত্রী।


অভিনয়ের পাশাপাশি ২০১৯ সালে রাজনীতিতেও পা রাখেন মিমি। ওই বছর যাদবপুর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হন তিনি। বর্তমানে অবশ্য অভিনয় নিয়েই ব্যস্ত। পূজায় মুক্তি পাওয়ার কথা সৃজিত মুখোপাধ্যায়ের ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’। পাশাপাশি নতুন একটি ছবির শুটিংও শুরু করবেন তিনি।


পেশাগত ব্যস্ততার মধ্যেই যদি সত্যিই ডিসেম্বরের বিয়ের আসরে বসেন মিমি, তাহলে বছর শেষের আগেই তাঁর জীবনে যোগ হবে নতুন অধ্যায়।