নিউইয়র্কে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’ থাকছেন যারা

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৭:১৮ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকাদের নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজন করা হচ্ছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড ২০২৬’। আগামী ১০ অক্টোবর লং আইল্যান্ড সিটির ইভাঞ্জেল চার্চ সেন্টারে বসবে এবারের জমকালো আসর।

আয়োজনে বাংলাদেশের চলচ্চিত্র, নাটক, সংগীত ও ফ্যাশন অঙ্গনের জনপ্রিয় তারকাদের অংশ নেওয়ার কথা রয়েছে। দেশের বিনোদন জগতের শিল্পী ও কলাকুশলীদের সম্মাননা দেওয়ার পাশাপাশি প্রবাসী দর্শকদের জন্যও আয়োজনটি হয়ে উঠবে মিলনমেলার মতো।

আরও পড়ুন: ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর পোস্টারে নতুন লুকে রণবীর

আয়োজক ‘শো টাইম’র সিইও খাইরুল ইসলাম খোকনের সার্বিক তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে। নেপথ্যে থেকে সহযোগিতা করছেন যুক্তরাষ্ট্রের উপস্থাপিকা ও প্রোগ্রাম প্ল্যানার শারমিনা সিরাজ সোনিয়া। সহযোগিতায় রয়েছেন মেহেদী হাসান, সাফওয়াত গণি ও রকি আলিয়ান।

এবারের আয়োজনে সম্মাননা প্রদানের পাশাপাশি থাকবে তারকাদের পরিবেশনা ও সংগীত আয়োজন। এরই মধ্যে অংশগ্রহণ নিশ্চিত করেছেন শাকিব খান, চঞ্চল চৌধুরী, তমা মির্জা, শিরীন শিলা, নিরব, স্পর্শিয়া, দীঘি, রিজিয়া পারভীন ও এস আই টুটুলসহ আরও অনেকে।

আরও পড়ুন: আসছে কোক স্টুডিও বাংলার নতুন গান

এবার প্রথমবারের মতো ‘ঢালিউড অ্যাওয়ার্ড’ উপস্থাপনা করবেন শারমিনা সিরাজ সোনিয়া। তিনি বলেন, এর আগে এই আয়োজন উপস্থাপনার সুযোগ হয়নি। এবার প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের এই জনপ্রিয় অ্যাওয়ার্ড অনুষ্ঠানের উপস্থাপনার দায়িত্ব পেয়েছেন তিনি। 

শারমিনা জানান, এবারের আয়োজনে শাকিব খান শুধু সম্মাননা গ্রহণই করবেন না, সম্মাননা প্রদান ও পারফরম্যান্সেও অংশ নেবেন। তবে কোন কোন তারকা এবার সম্মাননা পাচ্ছেন, তা অনুষ্ঠানেই প্রকাশ করা হবে।

প্রায় পাঁচ বছর পর আবারও ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এ অংশ নিতে যাচ্ছেন শাকিব খান। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের জ্যামাইকায় অনুষ্ঠিত ১৯তম আসরে সর্বশেষ এই আয়োজনে দেখা গিয়েছিল তাকে। ফলে এবারের অনুষ্ঠানে তার উপস্থিতি নিয়ে দর্শক-ভক্তদের আগ্রহও বেশি।

অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গেও দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এই আয়োজনের। তিনি জানান, ‘মনপুরা’ সিনেমা মুক্তির পর ২০১০ সালে প্রথম ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নেন। এরপর আরও কয়েকবার অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। এবারের আয়োজনের জন্যও শুভকামনা জানিয়েছেন এই অভিনেতা।

এদিকে অভিনেত্রী স্পর্শিয়াও অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রে তার আত্মীয় থাকায় নিয়মিত সেখানে যাতায়াত হয় বলে জানান তিনি। চলতি মাসেই দেশটি থেকে বাংলাদেশে ফিরেছেন স্পর্শিয়া। এবার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে আবারও যুক্তরাষ্ট্রে যাবেন। বর্তমানে কানাডায় অবস্থান করছেন শিরীন শিলা। অনুষ্ঠানের আগেই যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

সংগীতশিল্পী রিজিয়া পারভীন এবারের আয়োজনে গান পরিবেশন করবেন। এর আগেও ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নেওয়া এই শিল্পী এবারও সংগীত পরিবেশনের প্রস্তুতি নিচ্ছেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের বিনোদন অঙ্গনের আরও কয়েকজন তারকা এবারের অনুষ্ঠানে অংশ নেবেন। ১০ অক্টোবরের আয়োজনের মধ্য দিয়ে নিউইয়র্কে ফের মিলিত হবেন দেশের চলচ্চিত্র, নাটক ও সংগীত অঙ্গনের তারকারা।