মে মাসের মধ্যেই হাম নিয়ন্ত্রণে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:১৪ অপরাহ্ন, ৩০ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:৩৭ অপরাহ্ন, ০২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চলমান হাম পরিস্থিতি আগামী মে মাসের মধ্যেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানান, দেশের শতভাগ শিশুকে দ্রুত হামের টিকার আওতায় আনতে জোরালো কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে রাজধানীর শ্যামলীতে ২৫০ শয্যাবিশিষ্ট টিবি হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১,১০৭

মন্ত্রী জানান, আগামী এক সপ্তাহের মধ্যে শতভাগ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে ৬১ শতাংশ শিশু টিকা পেয়েছে এবং অনেক এলাকায় শতভাগ কভারেজ অর্জিত হয়েছে। যেসব ৩০টি উপজেলায় আগে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে, সেখানে বর্তমানে নতুন কোনো রোগী নেই বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, টিকা হাতে পাওয়ার পর নির্ধারিত সময়ের জন্য অপেক্ষা না করে দ্রুত কার্যক্রম শুরু করা হয়েছে। মূলত ৫ মে সারা দেশে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও তা এগিয়ে এনে ২০ এপ্রিল থেকেই শুরু করা হয়েছে।

আরও পড়ুন: হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, সাড়ে ৩ মাসে প্রাণ গেল ৭১৬ জনের

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ছয় বছর শিশুদের নিয়মিত হামের টিকা কার্যক্রম ব্যাহত ছিল। জরুরি ভিত্তিতে তা পুনরায় চালু করা হয়েছে। এ ক্ষেত্রে ইউনিসেফ, Gavi, বিশ্ব ব্যাংক এবং যুক্তরাষ্ট্রের সহায়তার কথাও উল্লেখ করেন তিনি।

ডেঙ্গু পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, রোগ প্রতিরোধে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। রোগী বাড়লে দ্রুত সেবা দেওয়ার জন্য তাঁবুর ব্যবস্থা রাখা হয়েছে। আগামী ১ মে থেকে ইউনিভার্সিটি প্লে-গ্রাউন্ডে তাঁবু স্থাপন শুরু হবে।

তিনি বলেন, “আমরা চাই না ডেঙ্গু রোগী বাড়ুক। চিকিৎসার প্রস্তুতি রয়েছে, তবে প্রতিরোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” মশক নিধন কার্যক্রম জোরদারে সিটি করপোরেশনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।