হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৮৬

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ন, ১১ জুলাই ২০২৬ | আপডেট: ৫:৪৩ অপরাহ্ন, ১২ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৮৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শনিবার (১১ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৫৩ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, একই সময়ে নতুন করে ৮৪ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি ৭০২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ১০ হাজার ৬০১ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে ১৩ হাজার ৪১০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: শিশু আভানের মৃত্যু: চিকিৎসা নিয়ে অপপ্রচারের অভিযোগ ইউনিভার্সেল মেডিকেলের

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে ৯৩ হাজার ৪৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৮৯ হাজার ৭৬২ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা হামের সংক্রমণ প্রতিরোধে শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করা, আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা এবং জ্বর, র‍্যাশ বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।