হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, এক দিনে আক্রান্ত ১,২৩৬

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:৩২ অপরাহ্ন, ২০ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৩৬ শিশু। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া চার শিশুর কারও মৃত্যুর কারণ নিশ্চিতভাবে হাম হিসেবে শনাক্ত হয়নি। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৫৬। আর নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০১ শিশু। অর্থাৎ, ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৫৭ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৮ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৪৮ জন। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৮৩০ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৯ হাজার ৮১৪। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৫৬২ জনের।

আরও পড়ুন: হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২৯৭

একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে তাদের মধ্যে ১ লাখ ৫২ হাজার ২২৫ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।