হরমুজ প্রণালি বন্ধ করল ইরান, তেলবাজারে নতুন সংকট

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:১৪ পূর্বাহ্ন, ০৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা জাগিয়েও শেষ পর্যন্ত হতাশ করল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করে দিয়েছে তেহরান। ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বুধবার (৮ এপ্রিল) লেবাননে ইসরায়েলি বিমানবাহিনীর বড় ধরনের হামলার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেয় ইরান। দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে সকালে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের বিরুদ্ধে বোমাবর্ষণ ও হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত রাখার ঘোষণা দেন। একই সময় ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিও পাল্টা যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে সামরিক বাহিনীকে হামলা বন্ধের নির্দেশ দেন।

আরও পড়ুন: চড়া মূল্যে ট্রাম্পকে লড়াই থেকে বের হওয়ার পথ করে দিল ইরান যুদ্ধবিরতি চুক্তি

যুদ্ধবিরতির ঘোষণার পর সকালে পরীক্ষামূলকভাবে হরমুজ প্রণালি দিয়ে দুটি তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতি দেওয়া হলেও, লেবাননে হামলা শুরু হতেই ইরান বাকি সব জাহাজের চলাচল স্থগিত করে দেয়। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতির আওতা নিয়ে অস্পষ্টতা থেকেই এই সংকটের সৃষ্টি হয়েছে।

শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেছিলেন, এই চুক্তির আওতায় লেবানন ফ্রন্টও অন্তর্ভুক্ত থাকবে। তবে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) এ দাবি নাকচ করে জানায়, তাদের যুদ্ধবিরতি কেবল ইরানের সঙ্গে সরাসরি সংঘাতের ক্ষেত্রেই প্রযোজ্য। এরই মধ্যে তারা লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ‘যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে বড়’ সমন্বিত বিমান হামলা চালিয়েছে।

আরও পড়ুন: সমুদ্র পথে বিশ্ব বাণিজ্যের ৫ প্রণালীর ৪টিই মুসলিম নিয়ন্ত্রণে

এই হামলার পর ক্ষুব্ধ হয়ে ইরান পুনরায় হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। ফলে বর্তমানে শত শত তেল ও গ্যাসবাহী ট্যাংকার ভারত মহাসাগরে আটকা পড়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে জরুরি ফোনালাপে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। তেহরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, লেবাননে হামলা বন্ধ না হলে তারা পুরো শান্তিচুক্তি থেকে সরে দাঁড়িয়ে পাল্টা আঘাত হানবে। ফলে ট্রাম্পের আলোচিত এই শান্তি উদ্যোগ এখন বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়েছে।