গাজীপুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ৫, দেশীয় অস্ত্রসহ ট্রাক উদ্ধার
গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানা এলাকা থেকে ডাকাতের প্রস্তুতির অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে কোনাবাড়ী থানার দেউললিবাড়ি এলাকার গাজীপুর- ময়মনসিংহ মহাসড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে একটি কাটার, দুইটি হাসুয়া এবং একটি ট্রাক জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. জিয়াউল খাঁন (২৬), মো. আলমগীর হোসেন (৩০), মো. আলামিন (২৬), মো. শাকিল (২২), ও মো. মাহাদী হাসান (২৫)।
আরও পড়ুন: ফেসবুকে ব্ল্যাকমেইল: ভুয়া আইডিতে পর্নোগ্রাফির হুমকি, মেরিন ইঞ্জিনিয়ার গ্রেফতার
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার ইন্সপেক্টর খন্দকার জালাল উদ্দিন মাহমুদ জানান, দেওলিয়াবাড়ি এলাকার কোনাবাড়ি কলেজের সামনে গাজীপুর - টাঙ্গাইল মহাসড়কে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাত একটার দিকে জিএমপির গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। অভিযানকালে ওই পাঁচ জনের দেহ তল্লাশি করে ১টি কাটার, ২টি হাসুয়া উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে ডাকাতি কাজে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, গ্রেফতারকৃত মো. জিয়াউল খাঁনের বিরুদ্ধে ৩টি চুরি মামলা এবং মো. আলমগীর হোসেনের বিরুদ্ধে ১টি চুরি মামলা, ১টি ডাকাতির প্রস্তুতি মামলা ও ১টি ডাকাতি মামলা রয়েছে।





