মৌলভীবাজারে উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
মৌলভীবাজারে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় সাময়িকভাবে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনে আগুন লাগার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল প্রায় ৬টার দিকে কমলগঞ্জ উপজেলার শমশেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামের কাছে ভানুগাছ ও শমশেরনগর স্টেশনের মধ্যবর্তী লাইনে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: দেশের ৬৪ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
রেলওয়ে সূত্র জানায়, চলন্ত অবস্থায় ট্রেনটির ইঞ্জিন থেকে তেল (মবিল) লিক হয়ে আগুনের সূত্রপাত ঘটে। অল্প সময়ের মধ্যেই আগুন ইঞ্জিনজুড়ে ছড়িয়ে পড়লে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এতে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
ঘটনার সময় ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবুও হঠাৎ এ ঘটনায় কয়েকশ যাত্রী চরম ভোগান্তিতে পড়েন।
আরও পড়ুন: আসামি ছাড়াতে থানায় ‘মব’ সৃষ্টির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
এদিকে আগুন লাগার কারণে সিলেট রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, ফলে সারাদেশের সঙ্গে এই অঞ্চলের রেল যোগাযোগ বিঘ্নিত হয়।
কুলাউড়া স্টেশন মাস্টার রোমান আহমেদ জানান, সিলেট থেকে বিকল্প ইঞ্জিন পাঠানো হয়েছে। সেটি পৌঁছানোর পর ক্ষতিগ্রস্ত ট্রেনটি সরিয়ে নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হবে। তবে এখন পর্যন্ত অন্যান্য ট্রেনের সময়সূচিতে বড় ধরনের বিপর্যয় ঘটেনি বলেও তিনি উল্লেখ করেন।





