মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়: ট্রাম্প

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:৩১ পূর্বাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ৮:৩২ পূর্বাহ্ন, ০৯ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে ইরানে কোনো হামলা চালানো হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে ফলপ্রসূ আলোচনা চলছে বলেও দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কার্যকর আলোচনা চলছে। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে ইরানে হামলা চালানো হবে না বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন: রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, স্কুল-ক্লিনিক ক্ষতিগ্রস্ত

চলমান সংঘাত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও চাপ তৈরি করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। নভেম্বরের নির্বাচনে কংগ্রেসে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে চায় রিপাবলিকান পার্টি। এর মধ্যে ইরান যুদ্ধ, জ্বালানির মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় ভোটারদের উদ্বেগের বিষয় হয়ে উঠেছে।

প্রতিবেদনে উদ্ধৃত রয়টার্স-ইপসোসের এক জরিপ অনুযায়ী, ইরান পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্পের ভূমিকা নিয়ে ৬০ শতাংশ মার্কিন নাগরিক অসন্তোষ প্রকাশ করেছেন। রিপাবলিকান সমর্থকদের একাংশও তার পদক্ষেপের বিরোধিতা করছেন বলে জরিপে উঠে এসেছে।

আরও পড়ুন: সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

ট্রাম্প এর আগে একাধিকবার বলেছেন, নির্বাচন শেষ হলে তেলের দাম কমে আসবে। তবে চলমান যুদ্ধ থেকে যুক্তরাষ্ট্র কীভাবে বেরিয়ে আসবে, সে বিষয়ে তিনি এখনো বিস্তারিত পরিকল্পনা জানাননি।

এদিকে যুদ্ধ বন্ধ এবং গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি পুনরায় চালু করার লক্ষ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিভিন্ন প্রস্তাব বিনিময় হয়েছে। তবে ইরানের সর্বশেষ প্রস্তাব ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।

অন্যদিকে, ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধানের বরাতে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না এবং নিজেদের ইউরেনিয়ামের মজুতও হস্তান্তর করবে না।

এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রয়টার্সকে বলেছিলেন, যুদ্ধের অবসান ঘটাতে হলে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমাতে হবে।

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের পশ্চিমা মিত্ররা দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ করে আসছে। তবে তেহরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

সূত্র: রয়টার্স