ডিবির অভিযানে হত্যা মামলার আসামী গ্রেফতার
নরসিংদীতে মাহবুব হত্যা মামলার অন্যতম আসামীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত কামাল হোসেন (৪২) সদর উপজেলার মাধবদী থানাধীন কুড়ের পাড় গ্রামের মৃত মোসলেম মিয়া ছেলে।
আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, গত ১৬ মার্চ সদর উপজেলার শীলমান্দি এলাকায় মাহবুব নামক এক ব্যক্তিকে হত্যা করা হয়। পরে উক্ত ঘটনায় কামাল হোসেন নামে এক ব্যক্তিকে অভিযুক্ত করে নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী পরিবার।
বিষয়টি জেলা পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল-ফারুকের দৃষ্টিগোচর হলে ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে ৩১ মার্চ (মঙ্গলবার) বিকেলে উপপরিদর্শক আব্দুস সালাম, জসিম উদ্দিন ও সহকারী উপপরিদর্শক রাজিব হাসানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে পলাশ উপজেলার তালতলা বাজারে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামী কামাল হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আরও পড়ুন: গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো, গ্রেপ্তার ২
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত এবং অপরাধের সাথে সংশ্লিষ্ট একটি সিএনজি চালিত অটোরিকশাও (গাজীপুর থ-১২-১৬৪৪) উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডের সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।





