চুক্তি না হলে নববর্ষের পর ইরানে ফের হামলার ইঙ্গিত ট্রাম্পের

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২:০৩ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ৪:০৮ অপরাহ্ন, ২৩ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের সঙ্গে চলমান আলোচনা থেকে কোনো চুক্তি না এলে নতুন বছরের পর দেশটিতে আবারও সামরিক হামলা চালানোর দিকে ঝুঁকছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (২২ নভেম্বর) সম্প্রচারমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি।

আরও পড়ুন: নতুন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করল ইরান

সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনা এখনো চলছে। তবে আলোচনায় দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।

ইরানের আলোচকদের কটাক্ষ করে ট্রাম্প বলেন, তারা ‘পেশাদার কথার কারিগর’। তাঁর ভাষায়, ‘তারা সব সময় কথা বলে। তারা শুধু কথাই বলে, কিন্তু সবই অর্থহীন।’ ফক্স নিউজের প্রতিবেদনে এসব বক্তব্য তুলে ধরা হয়েছে।

আরও পড়ুন: পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

এদিকে হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা আরও বেড়েছে। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ চলার মধ্যেও তেলবাহী ট্যাংকারে ইরানের হামলার ঘটনা অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে অবরোধ অতিক্রমের সম্ভাব্য চেষ্টার খবর প্রকাশের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প সতর্ক করে বলেন, অবরোধ ভেঙে যাওয়ার চেষ্টা করা ইরানি জাহাজে হামলা চালিয়ে সেগুলো ডুবিয়ে দেওয়া হবে। এ ধরনের জাহাজের বিরুদ্ধে মার্কিন বাহিনী গুলি চালাবে বলেও ইঙ্গিত দেন তিনি।

এ ছাড়া ইরানে নতুন করে সরকারবিরোধী বিক্ষোভের ভিডিও দেখার পর বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছেন ট্রাম্প বলে জানিয়েছে ফক্স নিউজ।

হরমুজ প্রণালির কাছে বাণিজ্যিক জাহাজে ইরানের নতুন করে হামলা এবং বাহরাইনে মার্কিন সেনাদের লক্ষ্য করে হামলার খবরের মধ্যেই তাঁর এই বক্তব্য সামনে এলো।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকে পুরো অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। এর জবাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়।

যুদ্ধের অবসান ঘটাতে গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি কাঠামোগত সমঝোতা হয় এবং পরবর্তী সময়ে আলোচনা শুরু হয়। তবে হরমুজ প্রণালিতে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করার পদ্ধতি নিয়ে মতবিরোধের কারণে আলোচনা থমকে যায়।

যুদ্ধ বন্ধের প্রচেষ্টা অব্যাহত থাকলেও গত জুলাই থেকে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটছে।

সূত্র: আনাদোলু এজেন্সি