জেনেভায় যুক্তরাষ্ট্র–ইরান পরমাণু আলোচনা শেষ, সমঝোতা হয়নি
সুইজারল্যান্ডের জেনেভাতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু ইস্যুতে দ্বিতীয় দফার পরোক্ষ আলোচনা পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে চলার পর শেষ হয়েছে। তবে বৈঠক শেষে কোনো সমঝোতার ঘোষণা আসেনি বলে আন্তর্জাতিক ও ইরানি গণমাধ্যম জানিয়েছে।
মঙ্গলবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সাংবাদিকদের জানান, চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে তেহরান দিন কিংবা সপ্তাহ ধরে জেনেভায় অবস্থান করতে প্রস্তুত। তিনি বলেন, পূর্ণ অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারই ইরানের প্রধান অগ্রাধিকার।
আরও পড়ুন: পরমাণু আলোচনা চলাকালে হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
বাকায়ি আরও বলেন, ইরান আন্তরিকতা ও সদিচ্ছা নিয়ে আলোচনা করছে এবং ওয়াশিংটনও একই ধরনের প্রতিশ্রুতি দেখাবে বলে তারা আশা করছে।
ওমান–এর মধ্যস্থতায় বার্তা আদান-প্রদানের মাধ্যমে এই আলোচনা অনুষ্ঠিত হয়। গত ৬ ফেব্রুয়ারি মাসকাট অনুষ্ঠিত বৈঠকের পর স্থগিত থাকা সংলাপ পুনরায় শুরু হয়।
আরও পড়ুন: সৌদি আরবে রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে শুরু পবিত্র রোজা
জেনেভার বৈঠক এমন সময় হয়েছে, যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সামরিক উপস্থিতি বাড়িয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক প্রচেষ্টায় অগ্রগতি না হলে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন।
ইরান জানিয়েছে, আলোচনা কেবল পরমাণু কর্মসূচি নিয়েই সীমাবদ্ধ থাকবে; ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা তারা গ্রহণ করবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের পাশাপাশি হিজবুল্লাহ, হুতি ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ করার মতো অতিরিক্ত শর্তের দাবি জানিয়েছে। তবে তেহরান এসব শর্ত বারবার প্রত্যাখ্যান করেছে।





