আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, রাষ্ট্র পরিচালনায় দলীয় বা রাজনৈতিক প্রভাব নয়—আইনের শাসনই হবে সর্বোচ্চ নির্দেশক নীতি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। ভাষণের শুরুতে তিনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদদের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, জনগণের ভোটে গঠিত জবাবদিহিমূলক নতুন সরকার গণতন্ত্র ও নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করেছে।
আরও পড়ুন: যাকাতের সঠিক ব্যবস্থাপনায় ১০–১৫ বছরে দারিদ্র্য কমানো সম্ভব: তারেক রহমান
প্রধানমন্ত্রী বলেন, “মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান—দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে পাহাড় বা সমতলে বসবাসকারী সকল নাগরিকের এই দেশ। প্রতিটি নাগরিকের জন্য একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর।” তিনি আরও জানান, স্বনির্ভর, নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য।
নতুন সরকারের যাত্রাপথকে চ্যালেঞ্জপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, বিগত সময়ের দুর্নীতি ও দুঃশাসনের কারণে অর্থনীতি ভঙ্গুর অবস্থায় রয়েছে, শাসন কাঠামো দুর্বল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এই প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপ গ্রহণকে সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে তুলে ধরেন তিনি।
আরও পড়ুন: যুদ্ধ, ভিসা জটিলতার ফাঁদে প্রবাসী শ্রমবাজার,সহায়তায় হটলাইন চালু
সরকার জুয়া ও মাদকের বিস্তারকে আইনশৃঙ্খলা অবনতির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, এ দুই বিষয়ে কঠোর অভিযান পরিচালনা করা হচ্ছে। জনজীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
তিনি বলেন, দেশের সকল সাংবিধানিক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বিধিবদ্ধ নীতিমালা অনুযায়ী পরিচালিত হবে। “কোনো দলীয় প্রভাব বা জোরজবরদস্তি নয়—আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা,”—যোগ করেন প্রধানমন্ত্রী।





